জিএম কাদেরের বাসভবনে হামলা-ভাঙচুর

জিএম কাদেরের বাসভবনে হামলা-ভাঙচুর

ফন্ট সাইজ:

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের রাজধানীর উত্তরার বাসায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করে একদল লোক। এ সময় তার বাসায় হামলা করা হয়। হামলার সময় জিএম কাদের বাসায় ছিলেন। তবে তিনি অক্ষত আছেন। এদিকে হামলায় জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন জাপা নেতারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’— এর ব্যানারে একদল লোক সকাল সাড়ে ১০টার দিকে জিএম কাদেরের উত্তরা বাসভবনের সামনে উপস্থিত হন। ব্যানারে লেখা ছিল ‘জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে ফ্যাসিস্ট খুনি হাসিনার সঙ্গে যোগাযোগ; জিএম কাদেরের গ্রেপ্তার চাই’। বিক্ষোভকারীরা বলেন, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের সহযোগীদের রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ দেয়া যাবে না। জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি এবং ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে তারা জিএম কাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

উত্তরার ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর রোডে অবস্থিত বাড়িটির সামনে জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়ে নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভ থেকে জিএম কাদেরের বাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া শুরু করেন।
জাপা থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেন, সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে একদল দুষ্কৃতকারী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলা করে। এক থেকে দেড়শ’ লোক এসে হামলা চালায়। তারা পুলিশকে বিষয়টি জানিয়েছেন এবং পুলিশ ঘটনাস্থলে এসেছে।

এ বিষয়ে জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম বলেন, একটি ব্যানার নিয়ে এসে একদল দুষ্কৃতকারী পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে সেøাগান দিয়ে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করে। কিন্তু, প্রবেশ করতে না পেরে দরজা-জানালায় ইট-পাথর নিক্ষেপ করে ভাঙচুর চালায়। পরে সেøাগান দিয়ে তারা চলে যায়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর। বলেন, জিএম কাদেরের বাসার সামনে একটি মিছিল হয়েছে বলে আমরা জানতে পারি। এরপরই পুলিশ সেখানে যায়। যাওয়ার পর কাউকে পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

হামলার ঘটনার প্রতিবাদে গতকাল বিকালে কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, জিএম কাদেরের বাসায় হামলার ঘটনা প্রমাণ করে দেশে এখনো মবতন্ত্র নির্মূল হয় নাই। সরকারকে বলতে চাই, ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার না করেন তাহলে জাতীয় পার্টি বৃহত্তর আন্দোলন কর্মসূচিতে যাবে, প্রতিবাদ করবে। জাতীয় পার্টি চেয়ারম্যানসহ সমস্ত নেতাকর্মীর নিরাপত্তা এই সরকারকে নিশ্চিত করতে হবে।