ঢাকার টিকাটুলি এলাকায় রাস্তা পার হওয়ার সময় দুই বাসের পাল্লাপাল্লিতে মাঝখানে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ওয়ারী থানা পুলিশ জানিয়েছে।
নিহত রিনা রানী দাস (৪০) নামে ওই নারী ওয়ারীর কে এম দাস লেনের একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকার বিশ্বজিৎ ঘোষের স্ত্রী।
নিহত রীনা রানী ঘোষের বড় ছেলে প্রণয় ঘোষ বলেন, তাঁর ছোট ভাই নবাবপুর সরকারি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। দুপুরে ছোট ভাইকে স্কুলে দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন তাঁর মা। টিকাটুলিতে রাস্তা পার হওয়ার সময় বন্ধন পরিবহন ও দোয়েল পরিবহনের দুটি বাসের পাল্লাপাল্লির মধ্যে পড়েন তিনি। এ সময় দোয়েল পরিবহনের বাসটির ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ তাঁকে উদ্ধার করে বিকেল চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওয়ারী থানার এসআই আবু বক্কার বলেন, “টিকাটুলির ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় দোয়েল গাড়ি ও বন্ধন গাড়ির চাপায় রিনা রাণী ঘোষ গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাস দুটি ও চালক-হেল্পারদের ওয়ারী থানায় হেফাজতে রাখার কথা জানিয়েছেন তিনি।
