ব্যাট হাতে পুঁজিটা মন্দ ছিল না সংযুক্ত আরব আমিরাতের। কিন্তু নিউজিল্যান্ডের দুই ওপেনারের সামনে সেই লক্ষ্য যেন মামুলি হয়ে দাঁড়ালো। টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের ব্যাটিং তাণ্ডবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল কোনো প্রতিরোধই গড়তে পারেনি আরব আমিরাত। হেসেখেলে ১০ উইকেটের বড় জয়ের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটির বিশ্বরেকর্ড গড়েছে কিউইরা। ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের দুই ওপেনার সেইফার্ট ও অ্যালেন ১৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। এর আগে ২০২২ আসরে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও জশ বাটলার ১৭০ রানের জুটি গড়ে রেকর্ডটি নিজেদের করে নিয়েছিলেন। গতকাল ২৮ বল হাতে রেখেই সেই রেকর্ড টপকে জয় নিশ্চিত করে কিউইরা। নিউজিল্যান্ডের জয় যখন নিশ্চিত হয়, তখন দুই ওপেনারই ছিলেন সেঞ্চুরির কাছাকাছি। লক্ষ্যটা আরেকটু বড় হলে হয়তো ব্যক্তিগত শতকও তুলে নিতে পারতেন তারা। টিম সেইফার্ট ৪২ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় ৮৯ রানে অপরাজিত থাকেন। অন্যপ্রান্তে ফিন অ্যালেন ৫০ বলে ৫টি করে চার ও ছক্কায় করেন অপরাজিত ৮৪ রান। এর আগে টসে জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে সংযুক্ত আরব আমিরাত। অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ৪৫ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন। আলিশান শারাফুর ব্যাট থেকে আসে ৫৫ রান। দ্বিতীয় উইকেটে দু’জন ১০৭ রানের বড় জুটি গড়ে আমিরাতকে লড়াকু অবস্থানে নিয়ে যান। শেষ দিকে মায়াঙ্ক কুমারের ২১ রানের ক্যামিও দলীয় সংগ্রহকে চ্যালেঞ্জিং উচ্চতায় পৌঁছে দেয়। কিউইদের পক্ষে ম্যাট হেনরি ৩৭ রানে ২ উইকেট নেন। আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা ব্ল্যাক ক্যাপসরা টানা দ্বিতীয় জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে ওঠে এলো। এই জয়ে সুপার এইটের দৌড়েও অনেকটা এগিয়ে গেল তারা। অন্যদিকে, হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে হলো আরব আমিরাতকে।
ওপেনারদের ঝড়ে বিশ্বরেকর্ড গড়ে জিতলো নিউজিল্যান্ড
স্পোর্টস রিপোর্টার
১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
