জন্ম থেকেই দুই হাত নেই। তবু অদম্য ইচ্ছাশক্তি আর মনোবল নিয়ে জীবন সংগ্রামে এগিয়ে চলেছেন নরসিংদীর আলতাফ হোসেন দুখু মিয়া। তার পাশে দাঁড়িয়েছেন নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। জেলা প্রশাসকের উদ্যোগে দুখু মিয়াকে অনুদান প্রদান ও শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। জানা গেছে, তিনি এলাকায় দুখু মিয়া নামে পরিচিত। পা দিয়ে লিখেই শেষ করেছেন পড়াশোনা। চাকরির জন্য ঘুরেছেন বিভিন্ন দপ্তরে। চাকরি না পেয়ে শেষ পর্যন্ত নিজের পৈতৃক জমিতে গড়ে তুলেছেন বিদ্যালয়। সেখানে এখন ১৪৫ শিশুর মাঝে ছড়িয়ে দিচ্ছেন শিক্ষার আলো। তার এই ব্যতিক্রমী উদ্যোগের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। গতকাল সকালে নরসিংদী সদর উপজেলার নগর পাঁচদোনা এলাকায় দুঃখু মিয়ার প্রতিষ্ঠিত প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন পরিদর্শন করেন জেলা প্রশাসক।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ও দুঃখু মিয়ার জীবনসংগ্রাম সম্পর্কে খোঁজখবর নেন তিনি। বিদ্যালয়টিকে উচ্চবিদ্যালয়ে রূপান্তরের স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ারও আশ্বাস দেন। বিদ্যালয় পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, দুঃখু মিয়া শুধু নরসিংদীর গর্ব নন, তিনি সারা দেশের গর্ব। তার সামনে এগিয়ে যাওয়ার পথটি সুগম করতে সরকারি সহায়তা প্রয়োজন। সরকার ও জেলা প্রশাসন তার পাশে থাকবে। বিদ্যালয়টিতে সবুজ পরিবেশ গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেয়া হয়।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, অন্যদের জন্য এটা অনেক বড় অনুপ্রেরণা। শুধু নরসিংদী নয়, সারা দেশের জন্য এটা গর্বের বিষয়। ১৯৬২ সালে নরসিংদী সদর উপজেলার নগর পাঁচদোনা এলাকায় জন্ম আলতাফ হোসেনের। তার বাবা মৃত তমিজ উদ্দিন। জন্ম থেকেই দুই হাত না থাকায় ছোটবেলা থেকেই নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাকে।
দাদা আদর ও আক্ষেপ মিশিয়ে নাম রেখেছিলেন দুঃখু মিয়া। তবে নামের সঙ্গে দুঃখ জড়িয়ে থাকলেও জীবনযুদ্ধে হার মানেননি তিনি। আরও উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা জাহান সরকার, নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, পাঁচদোনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক তারিক হোসেন রানা, পাঁচদোনা ইউনিয়ন পরিষদের সচিব লোকমান হোসেনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসকের উদ্যোগে আলতাফ হোসেন দুঃখু মিয়াকে অনুদান প্রদান ও শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলব্যাগ বিতরণ করা হয়।
