নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে দেশ জুড়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু হচ্ছে আজ। ১২ই অক্টোবর থেকে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক তথ্য সংগ্রহ করবেন নিয়োজিত কর্মীরা। আগামী ডিসেম্বরের মধ্যে প্রায় ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ ও অনলাইন তথ্যভাণ্ডারে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে নতুন করে ৪১ লাখ নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সোমবার সমাজসেবা অধিদপ্তরের শহর সমাজসেবা কার্যালয়-২, রমনা, ঢাকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে ১২ হাজার ৩০০ কোটি টাকা রাখা হয়েছে ভাতা প্রদানের জন্য। পর্যায়ক্রমে আগামী তিন অর্থবছরে যোগ্য সব নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাই করে উপকারভোগী নির্বাচন করা হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ প্রক্সি মিন্স টেস্ট (পিএমটি) পদ্ধতিতে পরিবারগুলোকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। এগুলো হলো অতিদরিদ্র, দরিদ্র, ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত।
পিএমটি স্কোর ৮৬০ বা তার কম হলে নারী পরিবারপ্রধানকে ভাতা পাওয়ার যোগ্য বিবেচনা করা হবে। সব নারী পরিবারপ্রধান ফ্যামিলি কার্ড পেলেও ভাতা পাবেন প্রথম তিন শ্রেণিভুক্ত যোগ্য পরিবারগুলো। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের জন্য ২০৭ জন তথ্য সংগ্রহকারী ও ২১ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। বিশেষায়িত ডিভাইস ও মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে কর্মীরা সরজমিন তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য সরাসরি অনলাইন তথ্যভাণ্ডারে যুক্ত করা হবে। এ কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহ নির্দেশিকা প্রণয়ন, কর্মীদের প্রশিক্ষণ এবং তথ্য সুরক্ষায় প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থাও নেয়া হয়েছে।
