নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী স্টিভেন কোলেট সাভারে অবস্হিত টিম গ্রুপের পরিবেশবান্ধব পোশাক কারখানা ‘ফোরএ ইয়ার্ন ডায়িং লিমিটেড’ পরিদর্শন করেছেন। সোমবার পরিদর্শনকালে তিনি কারখানাটির পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা ও শ্রমিক কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ ঘুরে দেখেন এবং টেকসই পোশাক উৎপাদন ও বাণিজ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে নেদারল্যান্ডসের প্রতিনিধিদল টিম গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), কার্বন নিঃসরণ হ্রাস, দায়িত্বশীল পণ্য সংগ্রহ, সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা ও পণ্যের উৎস শনাক্তকরণ (ট্রেসেবিলিটি) এবং ইইউ-এর আসন্ন পরিবেশ ও টেকসই উৎপাদনসংক্রান্ত বিধিবিধান মোকাবিলায় প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। এ ছাড়া নেদারল্যান্ডসের পোশাক ব্র্যান্ড ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে পরিচ্ছন্ন জ্বালানি, সার্কুলার অর্থনীতি, ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (ডিপিপি) এবং কর্মীদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।
টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা শাহীন, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নাকিব এবং ফোরএ ইয়ার্ন ডায়িং লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধিদলকে স্বাগত জানান। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের টেকসই উন্নয়নবিষয়ক রাষ্ট্রদূত ওয়াম্পি লিবন, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল, সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হুসেইন, সলিডারিডাড নেটওয়ার্ক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান, ফেয়ার ওয়্যার ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার বাবলুর রহমান এবং অ্যাওয়ার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মুইদ হাসান।
প্রতিনিধিদল কারখানাটির উৎপাদন কার্যক্রমের পাশাপাশি ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্র, বৃষ্টির পানি সংরক্ষণব্যবস্থা, শ্রমিকদের জন্য ন্যায্যমূল্যের দোকান এবং শিশু দিবাযত্ন কেন্দ্র ঘুরে দেখে। উল্লেখ্য, ইউএসজিবিসি লিড প্লাটিনাম সনদপ্রাপ্ত ফোরএ ইয়ার্ন ডায়িং লিমিটেড বিশ্বের প্রথম আউটারওয়্যার পোশাক কারখানা হিসেবে জাতিসংঘের ‘ফ্যাশন ইন্ডাস্ট্রি চার্টার ফর ক্লাইমেট অ্যাকশন’-এ স্বাক্ষর করেছে।
কারখানার প্রশংসা করে নেদারল্যান্ডসের উপমন্ত্রী স্টিভেন কোলেট বলেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্প বৈশ্বিক সরবরাহব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। দায়িত্বশীল উৎপাদন নিশ্চিত করা কারখানার ওপরই এ শিল্পের ভবিষ্যৎ নির্ভর করছে। ফোরএ ইয়ার্ন ডায়িংয়ের বিনিয়োগ অনুপ্রাণিত করার মতো। টেকসই ও অন্তর্ভুক্তিমূলক বস্ত্র ও পোশাকশিল্প গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে আমরা আগ্রহী।
টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা শাহীন বলেন, বাংলাদেশের পোশাকশিল্পকে নিরাপদ ও পরিবেশসম্মত করতে নেদারল্যান্ডস আমাদের দীর্ঘদিনের অংশীদার। যেসব কারখানা আজ টেকসই উৎপাদনে বিনিয়োগ করছে, তারাই আগামী দিনে আন্তর্জাতিক বাজারে টিকে থাকবে। নেদারল্যান্ডসের সঙ্গে বিদ্যমান অংশীদারত্বকে আমরা আরও এগিয়ে নিতে আগ্রহী। এই পরিদর্শনের মধ্য দিয়ে এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে তৈরি পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে টেকসই উৎপাদন, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে।
