আফগান লীগের ড্রাফটে আট বাংলাদেশি ক্রিকেটার

আফগান লীগের ড্রাফটে আট বাংলাদেশি ক্রিকেটার

ফন্ট সাইজ:

দীর্ঘ আট বছরের দীর্ঘ বিরতির পর মাঠে গড়াতে যাওয়া আফগানিস্তান প্রিমিয়ার লীগের (এপিএল) ড্রাফটে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের আট ক্রিকেটার। তারা হলেন- সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহীম, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন। সব মিলিয়ে টুর্নামেন্ট খেলতে এক হাজারের বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। তাদের মধ্যে বিদেশি ক্রিকেটারের সংখ্যা পাঁচ শতাধিক। আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত মুখদের মধ্যে ড্রাফটে নাম লিখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস, গুড়াকেশ মোতি ও আলজারি জোসেফ; ইংল্যান্ডের লুক উড, রিস টপলি ও জেমস ভিন্স; শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গারা।

ড্রাফট আয়োজনের কথা ছিল ২৭শে সেপ্টেম্বর। পরে অবশ্য ড্রাফটের সময় পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৪শে অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এপিএলের খেলোয়াড় বাছাই। এপিএলের নতুন আসর শুরু হওয়ার কথা ২৭শে ডিসেম্বর। পাঁচ দলের টুর্নামেন্টে তিনটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিশ্চিত হয়েছে। বাকি দুটির মালিকানা প্রক্রিয়া চলমান।