কেনো চটলেন কাতালানদের সাবেক সভাপতি

‘বার্সেলোনা মেসির চেয়েও বড়’

কেনো চটলেন কাতালানদের সাবেক সভাপতি

ফন্ট সাইজ:

ক্লাব কিংবা ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের চেয়ে প্রতিষ্ঠানের মর্যাদা সবসময়ই উপরে-ফুটবল বিশ্বে এই শাশ্বত সত্যটিকেই যেন নতুন করে মনে করিয়ে দিলেন বার্সেলোনার সাবেক সভাপতি জোয়ান গ্যাসপার্ট। কাতালান ক্লাবটির সর্বকালের সেরা তারকা লিওনেল মেসির বর্তমান অবস্থান এবং বার্সায় তার বিদায়ী সংবর্ধনা নিয়ে গ্যাসপার্টের সাম্প্রতিক মন্তব্য নিয়ে তুমুল আলোচনা চলছে ইউরোপিয়ান ফুটবলে।
পডকাস্ট ‘সোলো পারা কুলেস’-এ দেয়া এক সাক্ষাৎকারে ৮২ বছর বয়সী গ্যাসপার্ট সোজাসাপ্টা ভাষায় নিজের ক্ষোভ ঝাড়েন। মেসি যখন ১৩ বছরের কিশোর, তখন তার জন্য বার্সার দরজা উন্মুক্ত করে দেন এই গ্যাসপার্টই। সে কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘লিও সর্বকালের সেরা ফুটবলার, এতে কোনো সন্দেহ নেই। তবে তার একটি কথা কখনো ভুলে যাওয়া উচিত নয়-বার্সেলোনা তার চেয়েও অনেক বড়। সে যেন এ বিষয়ে সতর্ক থাকে।’

মূলত বর্তমান সভাপতি জোয়ান লাপোর্তার সঙ্গে মেসির সুসম্পর্ক না থাকায় দীর্ঘদিন ধরে আটকে আছে এই কিংবদন্তির আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা। বার্সা ছেড়ে পিএসজি হয়ে বর্তমানে ইন্টার মায়ামিতে খেলা মেসি নাকি বোর্ড পরিবর্তন না হওয়া পর্যন্ত ন্যু ক্যাম্পে সংবর্ধনা নিতে ইচ্ছুক নন। আর এই শর্তকেই ভালোভাবে নেননি গ্যাসপার্ট।

ক্ষুব্ধ সাবেক সভাপতি হুংকার দিয়ে বলেন, ‘ক্লাবের সভাপতি যেই হোন না কেন, তাকে এখানে এসে ভক্তদের উদ্দেশ্যে বিদায় জানাতেই হবে। লাপোর্তা দায়িত্বে আছেন বলেই যদি সে আসতে রাজি না হয়, তবে আমি ব্যক্তিগতভাবে এই সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করবো। সে নিজেকে কী ভাবে? সভাপতির উপস্থিতির ওপর ভিত্তি করে বার্সেলোনায় আসার শর্ত জুড়ে দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
২০২১ সালে অশ্রুসিক্ত নয়নে বার্সেলোনা ছেড়ে যান মেসি। এরপর থেকে ন্যু ক্যাম্পের সবুজ গালিচায় সশরীরে লাখো ভক্তের ভালোবাসায় সিক্ত হওয়ার সুযোগ পাননি তিনি। মাঝে একবার কাউকে না জানিয়ে ঢু মেরে গেছেন নিজের প্রিয় আঙিনায়। বার্সা সমর্থকদের একটি বড় অংশ চায়, বিশ্বজয়ী এই তারকার ক্যারিয়ারের বর্ণাঢ্য অধ্যায়ের এক অপূর্ব সমাপ্তি হোক এই ক্লাবেই। তবে বোর্ড রুমের রাজনৈতিক জটিলতা এবং ব্যক্তিত্বের দ্বন্দ্বের কারণে এই সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে তৈরি হওয়া সময়ক্ষেপণ এখন সমর্থক থেকে শুরু করে ক্লাব কর্তাদেরও ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছে।