বাঙ্কারযুক্ত প্রাসাদে ‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট

বাঙ্কারযুক্ত প্রাসাদে ‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ফন্ট সাইজ:

ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) গত ছয় দিন ধরে বাঙ্কার সুবিধাসম্পন্ন, কঠোর নিরাপত্তাবেষ্টিত বিভিন্ন প্রাসাদে অবস্থান পরিবর্তন করে চলেছেন। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

প্রতিবেদন অনুযায়ী, ৪১ বছর বয়সী যুবরাজের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে তার বাছাই করা বিশেষ নিরাপত্তা দল। তবে তার অবস্থান পরিবর্তন এবং নিরাপত্তাব্যবস্থা জোরদারের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে সৌদি রাজধানী রিয়াদে হামলার তীব্রতা বাড়ার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সংঘাতে হস্তক্ষেপের সম্ভাবনার কথা জানিয়েছেন। সৌদি আরবও হামলার জবাব দেয়ার অঙ্গীকার করেছে। ফলে ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে আঞ্চলিক সংঘাতে রূপ নেয়ার শঙ্কা তৈরি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার সর্বশেষ জনসমক্ষে দেখা যায় মোহাম্মদ বিন সালমানকে। ওই দিন তিনি জাতীয় রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে রক্ত দিয়েছিলেন। এরপর থেকে তার প্রকাশ্য উপস্থিতির খবর পাওয়া যায়নি।

রিয়াদ বিমানবন্দরে প্রাণঘাতী হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হুতিদের ধারাবাহিক হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে হামলায় ১৩ জন নিহত এবং কয়েক শ মানুষ আহত হয়েছেন। এর পরদিন রোববার বিমানবন্দর এলাকায় আবারও হামলার ঘটনা ঘটে।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। সৌদি কর্তৃপক্ষ ঘটনাটিকে ‘জঘন্য হামলা’ হিসেবে বর্ণনা করে জানায়, এতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে।
এদিকে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, গত ২৪ ঘণ্টায় তাদের বাহিনী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে সৌদিতে চারটি বিশেষ অভিযান চালিয়েছে। বিমানবন্দরের পাশাপাশি সৌদির জ্বালানি স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

এর আগে সৌদি বিমানবন্দরগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করে হুঁশিয়ারি দেয় হুতিরা। গোষ্ঠীটির মুখপাত্র সৌদি কর্তৃপক্ষকে তাদের সতর্কবার্তা গুরুত্বের সঙ্গে নেয়ার আহ্বান জানান।