সৌদিতে হুতিদের হামলার নেপথ্যে ইরান, মাঠে আইআরজিসি

দাবি বিশ্লেষকের

সৌদিতে হুতিদের হামলার নেপথ্যে ইরান, মাঠে আইআরজিসি

ফন্ট সাইজ:

সৌদি আরবে হামলা চালাতে হুতিদের সঙ্গে সমন্বয় করছে ইরান। এ কাজে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিশেষজ্ঞরাও যুক্ত রয়েছেন। ইয়েমেনের প্রতিরক্ষা বিশ্লেষক ইব্রাহিম জালাল এসব দাবি করেছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জালাল বলেন, ইরান নিয়মিতভাবে হুতিদের অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ করছে। সৌদি আরবের গভীরে হামলা চালাতে হুতিরা যে ‘সরঞ্জাম’ ব্যবহার করছে, তা ইরানের কাছ থেকে পাওয়া। পাশাপাশি, আইআরজিসির বিশেষজ্ঞরা সরাসরি মাঠপর্যায়ে তাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি তদারক করছেন।
জালালের ভাষ্য, এসব কার্যক্রম অনেক ক্ষেত্রেই সমন্বিতভাবে পরিচালিত ও অনুমোদিত হচ্ছে। বিষয়টি প্রকাশ্যে স্বীকার করা না হলেও আঞ্চলিক সংঘাত বাড়ানোর ক্ষেত্রে সমঝোতা ও সিদ্ধান্ত নেয়ার নিজস্ব পদ্ধতি রয়েছে তাদের।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে লেবানন ও সিরিয়ায় একের পর এক ধাক্কার মুখে পড়েছে ইরানের নেতৃত্বাধীন ‘প্রতিরোধের অক্ষ’। এই পরিস্থিতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে হুতিরা সংঘাত বাড়ানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে।
জালালের মতে, বাব আল-মান্দেব প্রণালির কাছে হুতিদের আরও শক্তিশালী ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সক্ষম করে তোলাও ইরানের কৌশলের অংশ। এর মাধ্যমে আঞ্চলিক মিত্রদের মধ্যে হুতিদের কার্যকর শক্তি হিসেবে টিকিয়ে রাখতে চায় তেহরান।