নারী ফুটবল লীগের শিরোপা এখন রাজশাহী স্টারস এফসি’র হাতের নাগালে। ১৩ই ফেব্রুয়ারি নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে কেবল এক পয়েন্ট পেলেই (ড্র করলে) আগমনে শিরোপা জিতবে দলটি। তবে সেনাবাহিনী জিতলে লীগের ভাগ্য গড়াবে প্লে-অফে। গত ১৯শে ডিসেম্বর শুরু হওয়া নারী ফুটবল লীগ মাঝে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের জন্য দীর্ঘ ১৩ দিনের বিরতিতে ছিল। সেই বিরতি কাটিয়ে গতকাল মাঠে ফিরেই ৮-০ গোলে জয় পেয়েছে রাজশাহী। সদ্যপুষ্করণী যুব এসসিকে হারানোর ম্যাচেও উজ্জ্বল ছিলেন আলপি আক্তার। রাজশাহীর হয়ে নেমেই হ্যাটট্রিক করেন অনূর্ধ্বÑ১৯ সাফের সেরার খেতাব জেতা এই নারী ফুটবলার। তবে জোড়া গোল করে ম্যাচসেরা হন অধিনায়ক ঋতুপর্ণা চাকমা। এ ছাড়া প্রীতি ও মুনকি একটি করে গোল করেন, অন্যটি ছিল আত্মঘাতী। ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে এখন রাজশাহী। দিনের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমিকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে বাংলাদেশ সেনাবাহিনী। ১৮-০ গোলের বিশাল জয়ে লীগ শিরোপার দৌড়ে তারাও টিকে রয়েছে। সেনাবাহিনীর ফরোয়ার্ড সুলতানা একাই ৯ গোল করেন। এ ছাড়া বৃষ্টি হ্যাটট্রিক এবং উন্নতি ও তনিমা দু’টি করে গোল করেন। এই জয়ে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সেনাবাহিনী। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন নাসরিন একাডেমি ১০ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে ১০ম স্থানে থেকে এবারের আসর শেষ করে। অন্য ম্যাচে সিরাজ স্মৃতি সংসদকে ৯-১ গোলের বিশাল ব্যবধানে হারায় বিকেএসপি। আগামী শুক্রবার এ লীগের অলিখিত ‘ফাইনাল’ অনুষ্ঠিত হবে। সেখানে মুখোমুখি হবে রাজশাহী ও সেনাবাহিনী। রাজশাহীর জন্য সমীকরণ সহজ-ড্র বা জয়। কিন্তু সেনাবাহিনী যদি রাজশাহীকে হারিয়ে দেয়, তবে দুই দলেরই পয়েন্ট হবে সমান ২৭। সে ক্ষেত্রে নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন নির্ধারণে প্লে-অফ ম্যাচের আয়োজন করতে হবে। এখন সবার নজর শুক্রবারের সেই মাহেন্দ্রক্ষণের দিকেÑ রাজশাহী কি পারবে নিজেদের প্রথম আসরেই বাজিমাত করতে, নাকি অভিজ্ঞ সেনাবাহিনী রুখে দেবে তাদের? উত্তরের অপেক্ষায় দেশের ফুটবলপ্রেমীরা।
শিরোপার দোরগোড়ায় রাজশাহী বাধা শুধু সেনাবাহিনী
স্পোর্টস রিপোর্টার
১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
