ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিমসটেকের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ জানানো হলেও তিনি দিল্লি সফর করছেন না। এর পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবেন। দিল্লির একটি কূটনৈতিক সূত্র মানবজমিনকে এই তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, প্রতিনিধিদলটি রোববার সন্ধ্যায় নয়াদিল্লি পৌঁছানোর কথা। আগামীকাল সোমবার বিমসটেকভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নেবেন তারা। প্রতিনিধিদলের অন্য দুই সদস্যের মধ্যে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম শহীদুল করিম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। তবে তাৎক্ষণিকভাবে ওই কর্মকর্তার নাম জানা যায়নি।
কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে অংশ না নিলেও বিমসটেকের অন্য ছয় সদস্যদেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা এতে যোগ দেবেন। তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে না যাওয়ার কারণ স্পষ্ট নয়।
কূটনৈতিক মহলের কারও কারও মতে, বিএনপি নেতৃত্বাধীন সরকার ভারতের সঙ্গে সম্পর্ক নতুন করে এগিয়ে নিতে চায়। আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা-দিল্লি সম্পর্কে যে সমীকরণ ছিল, সেখান থেকে বেরিয়ে এসে পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক পুনর্গঠনে গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। তবে দুই দেশের সম্পর্কে বিদ্যমান দূরত্ব এখনো পুরোপুরি কাটেনি। এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ঢাকা।
বিমসটেকের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামীকাল ১৩ই অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ অঞ্চলে সন্ত্রাসবাদ ও আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পাবে। মানব পাচার, মাদক পাচার, অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের পাশাপাশি সদস্যদেশগুলোর আইনপ্রয়োগকারী ও নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। গত ২৮ ও ২৯শে সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত বিমসটেকের সন্ত্রাসবাদ দমন ও আন্তর্জাতিক অপরাধবিষয়ক যৌথ কার্যকরী দলের একাদশ বৈঠকের প্রতিবেদন ও সুপারিশও আলোচনায় স্থান পাবে।
১৯৯৭ সালে যাত্রা শুরু করা বিমসটেকের সাত সদস্যদেশ হলো- বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান। ২০১৮ সালের আগস্টে কাঠমান্ডুতে অনুষ্ঠিত জোটের চতুর্থ শীর্ষ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়। পরে ২০২৫ সালের এপ্রিলে ব্যাংককে বিমসটেকের ২০তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ বিষয়ে ধারণাপত্র অনুমোদন করা হয়। এরপর এবারই প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
