মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে

ফন্ট সাইজ:

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। পাশাপাশি বাংলাদেশের শিক্ষা ও তৈরি পোশাক খাতসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। গতকাল সকালে তুরস্ক সফর ও সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা জানান জামায়াত আমীর।
সৌদি আরবের রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি গোষ্ঠী হুতিদের হামলার নিন্দা জানান ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, গত শনিবার সকালেই সেখানে আমরা পৌঁছাই এবং রাতে মদিনা এয়ারপোর্ট থেকে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। এই সময় শনিবারেই রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা হয়েছে।
জামায়াত আমীর বলেন, এ হামলার জন্য সৌদি আরব হুতিদেরকে দায়ী করেছে। সৌদি আরব হচ্ছে হারামাইন শরীফাইনের দেশ, যেখানে আল্লাহর ঘর কাবা এবং রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ এবং রওজা। আর কালামে হাকিমও নাজিল হয়েছে সৌদি আরবের বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাটিতে। এমন একটি দেশে যে কেউ হামলা করুক, আমরা মনে করি এটা কোনো শুভ কাজ নয়, এটা একটা অশুভ কাজ।

বিরোধীদলীয় নেতা বলেন, এজন্য এই ধরনের হামলার আমরা নিন্দা করি। যুদ্ধ কোনো সমাধান নয়। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা যাই থাকুক, সেটা সমাধান হওয়া উচিত বলে আমরা মনে করি। এই হামলায় এ পর্যন্ত আমাদের জানামতে ১২ জন মানুষ নিহত হয়েছেন।
জামায়াত আমীর সফরের উদ্দেশ্য তুলে ধরে বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে তুলে ধরার উদ্দেশ্যেই এ সফর। সেখানে এডুকেশন এক্সচেঞ্জ প্রোগ্রাম, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রসার, মক্কা প্যাক্টসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

ইস্তান্বুল বিশ্ববিদ্যালয়ে একটি সম্মেলনে অংশ নিতে গত ৭ই অক্টোবর তুরস্কে যান শফিকুর রহমান। ওমরাহ করার জন্য শনিবার সকালে সৌদি আরবে পৌঁছান।