রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সাজেক-দীঘিনালা সড়কে স্থানীয় দু’টি সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির কারণে পর্যটকদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের ১৩ই অক্টোবর মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে রোববার জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। এর আগে রোববার সকাল ৬টা থেকে সাজেক কার্বারি এসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ডাকে সাজেক-দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়। অবরোধের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সাজেকে যাতায়াতকারী পর্যটকেরা ভোগান্তিতে পড়েন। বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়কে ব্যারিকেড সৃষ্টি করে।
সাজেক থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু লারমা পক্ষের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেয়ার দাবিতে অবরোধের ঘোষণা দেয় সংগঠন দু’টি। তাদের অভিযোগ, এলাকায় সশস্ত্র সদস্যদের অবস্থান ও সাধারণ মানুষকে হুমকি দেয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় তারা অবরোধের কর্মসূচি ঘোষণা করে।
অবরোধের কারণে পর্যটন কেন্দ্রে অবস্থানরত পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা এবং নতুন পর্যটকদের যাতায়াত নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসন সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে সেখানে অবস্থানরত পর্যটকদের নির্ধারিত সময়ের মধ্যে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
