মহাত্মা গান্ধীর আদর্শ ও অহিংসার দর্শন প্রচারে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড’ পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক, সাংবাদিক ও লেখক ফারুক মেহেদী। মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত আলোচনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তার হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। গান্ধী আশ্রম ট্রাস্ট এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন, ‘মহাত্মা গান্ধী শান্তি ও সম্প্রীতির অগ্রদূত। তার আদর্শ আমাদের অনুপ্রেরণা জোগায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা আমাদের কাছে অনেক বেশি। দেশে সম্প্রীতি ও সৌহার্দ্যের চর্চা বাড়াতে হবে। সবাইকে সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।’
বিশেষ অতিথি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, গান্ধী আশ্রম নোয়াখালীর সোনাইমুড়ীতে অবস্থিত। ওই এলাকার জনপ্রতিনিধি হিসেবে তিনি নিজেকে আশ্রমের পাহারাদার মনে করেন। তিনি বলেন, ‘গান্ধী আশ্রমকে ঘিরে ভবিষ্যতে আমরা একটি পর্যটন বলয় গড়ে তুলতে চাই। পাশাপাশি মহাত্মা গান্ধীর অহিংসার বাণী ছড়িয়ে দিতে চাই।
বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবনকুমার বলেন, বিভেদ ও সংঘাতের বিপরীতে শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতির চর্চাই মানবিক সমাজ নির্মাণের অন্যতম শর্ত। মহাত্মা গান্ধীর জীবন ও কর্ম সেই চিরন্তন সত্যের কথাই স্মরণ করিয়ে দেয়।
গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মেজর (অব.) জীবন কানাই দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ব্যারিস্টার এবিএম হামিদুল মেজবাহ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন গান্ধী আশ্রম ট্রাস্টের সিইও ও পরিচালক রাহা নবকুমার।
মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন কালের কণ্ঠের ফারুক মেহেদী
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
১১ অক্টোবর (রবিবার), ২০২৬, ৯ঃ৪১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
