আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, চাকরিক্ষেত্রে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৩শে অক্টোবর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে দলটি। এ ছাড়া আগামী ৩০শে অক্টোবর এসব জনসংশ্লিষ্ট বিষয়ে রাজধানীর শাহবাগে প্রতিবাদ কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপি।
রোববার রাতে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের নির্ধারিত সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সঞ্চালনা করেন সদস্য সচিব আখতার হোসেন।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ২৩শে অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন নাহিদ ইসলাম। এতে দলের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেবেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ সারাদেশের পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এনসিপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিয়োজিত থাকবেন। দলের শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী আসনের পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এদিকে এনসিপির কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের কাজ চূড়ান্ত হয়েছে। আগামী ১৩ই অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
এ ছাড়া আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের তালিকা আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের তালিকা প্রস্তুতের কাজেও গতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি।
সভায় রাজনৈতিক পর্ষদের সদস্য হাসনাত আব্দুল্লাহ এমপি, সারজিস আলম, নাসীরউদ্দীন পাটোয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আব্দুল্লাহ আল আলামিন এমপি, আরিফ ইসলাম আদীব, সারোয়ার তুষার, নুসরাত তাবাসসুম এমপি, আলী আহসান জুনায়েদ ও সালেহ উদ্দিন সিফাত উপস্থিত ছিলেন।
