জিবুতি উপকূলে নৌকাডুবি: ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

জিবুতি উপকূলে নৌকাডুবি: ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ফন্ট সাইজ:

আফ্রিকার দেশ জিবুতির উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১০৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫টি শিশু রয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১১৬ জনের বেশি। নৌকাটিতে ৩০০ জনেরও বেশি যাত্রী ছিলেন। জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) রোববার এ তথ্য জানিয়েছে।
আইওএমের বিবৃতিতে বলা হয়, বেঁচে যাওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের আগপর্যন্ত জিবুতির পূর্ব উপকূলের গুহেরে এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। উপকূলটির বিপরীতে রয়েছে এডেন উপসাগর ও বাব আল-মান্দেব প্রণালি।

নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর ৮০ জনের বেশি যাত্রী প্রাণে বেঁচে যান। তারা সবাই ইথিওপিয়ার নাগরিক। নিখোঁজদের সন্ধানে জিবুতির উদ্ধারকারী দল অভিযান চালিয়ে যাচ্ছে।
জিবুতিতে আইওএমের মিশনপ্রধান আলেক্সান্দ্রে কোইসাক বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জরুরি সহায়তা দিতে সংস্থাটির কর্মীরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন। প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, জীবিকার সুযোগের সন্ধানে অভিবাসীরা এই পথে যাত্রা করতে গিয়ে কতটা বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়েন, এই মর্মান্তিক ঘটনা তারই প্রমাণ।
জিবুতি ও ইয়েমেনের মধ্যবর্তী বাব আল-মান্দেব প্রণালির সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ২০ কিলোমিটার বা ১২ দশমিক ৪ মাইল। আফ্রিকার হর্ন অঞ্চল থেকে হাজারো অভিবাসীর জন্য এটি ইয়েমেনে পৌঁছানোর একটি পরিচিত পথ। তবে এই পথে যাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

উপসাগরীয় দেশগুলোতে কাজ ও নিরাপদ জীবনের আশায় বহু অভিবাসী এই পথে পাড়ি জমান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ এবং গত মাসে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতি যোদ্ধাদের মধ্যে আবারও লড়াই শুরু হওয়ায় আঞ্চলিক অস্থিরতা বেড়েছে। তারপরও অভিবাসীদের এই যাত্রা থেমে নেই।
আইওএম জানিয়েছে, গত ১০ সেপ্টেম্বর থেকে ইথিওপিয়া থেকে জিবুতিতে ২০ হাজারের বেশি অভিবাসীর আগমন নথিভুক্ত করেছে সংস্থাটি। গত বছর এই পথ ধরে ইয়েমেনে যাওয়ার চেষ্টা করেছেন পাঁচ লাখেরও বেশি মানুষ। তাদের মধ্যে অন্তত ৯০০ জনের মৃত্যু হয়েছে অথবা তারা নিখোঁজ রয়েছেন।

জিবুতি শুধু অভিবাসীদের ইয়েমেন যাওয়ার পথ নয়, দেশটি এখন ইয়েমেন থেকে পালিয়ে আসা মানুষেরও আশ্রয়স্থল। সেখানে নতুন করে সংঘাত শুরু হওয়ায় কয়েক হাজার মানুষ ইয়েমেন ছেড়ে জিবুতিতে আশ্রয় নিচ্ছেন।