‘তেলাপোকাদের’ বিক্ষোভ-আন্দোলনের সময় গণআটকে জাতিসংঘের উদ্বেগ

‘তেলাপোকাদের’ বিক্ষোভ-আন্দোলনের সময় গণআটকে জাতিসংঘের উদ্বেগ

ফন্ট সাইজ:

ভারতের রাজধানী দিল্লিতে শনিবার 'তেলাপোকাদের' বিক্ষোভ আন্দোলনের সময় গণআটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে নয়াদিল্লিতে বড় আকারের বিক্ষোভ চলাকালে গণআটকের ঘটনার পরিপ্রেক্ষিতে এই উদ্বেগ জানানো হয়।

বিক্ষোভকারী, নেতা, আইনজীবী এবং সাংবাদিকদের গণআটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভারতীয় কর্তৃপক্ষকে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করতে, সংযম প্রদর্শন করতে এবং নির্বিচারে আটককৃতদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র।

তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-সহ বিভিন্ন ছাত্র সংগঠন আয়োজিত শনিবারের বিক্ষোভে ভোটার তালিকা সংশোধনের জেরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানানো হয়েছে।

এদিকে ভারত জাতিসংঘের মানবাধিকার সংস্থার বিবৃতিকে 'অপ্রাসঙ্গিক' হস্তক্ষেপ বলে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। দেশের প্রাণবন্ত গণতন্ত্র, সাংবিধানিক সমাবেশের অধিকার এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের আইনসম্মত পদক্ষেপের ওপর জোর দিয়েছে ভারত।

ভারত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়কে পক্ষপাতহীন মনোভাব বজায় রাখতে এবং বিশ্বের অন্যান্য স্থানের বিক্ষোভের ওপর সমানভাবে মনোযোগ দিতে অনুরোধ করেছে।

উল্লেখ্য, শনিবার বিক্ষোভ যোগদানের চেষ্টায় অভিযোগে দিল্লি পুলিশ সিজেপির শীর্ষ নেতৃত্বসহ বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতার পাশাপাশি হাজার হাজার ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশকেই ছেড়ে দেয়ার দাবি করলেও সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্গাকে আটকে রেখেছে।