বাঘের খাঁচায় ঢুকে যুবকের মৃত্যু

বাঘের খাঁচায় ঢুকে যুবকের মৃত্যু

ফন্ট সাইজ:

বৃটেনে একটি সাফারি পার্কে বাঘের জন্য নির্ধারিত সংরক্ষিত বেষ্টনীতে ঢুকে এক ব্যক্তি নিহত হয়েছেন। খাঁচার ভেতরে প্রবেশের পরপরই একটি বাঘের আক্রমণের শিকার হন তিনি। সাউথ ইয়র্কশায়ার পুলিশ জানায়, শনিবার দুপুরে ডনকাস্টার শহরের নিকটবর্তী ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি ও রয়টার্স ।

পুলিশ জানায়, শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ৩৫ মিনিটে এক ব্যক্তি বাঘের খাঁচায় প্রবেশ করেছেন— এমন খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল ও চিকিৎসাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে গুরুতর জখম হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কীভাবে ওই ব্যক্তি কঠোর নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে ভেতরে প্রবেশ করেছিলেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি। এই ঘটনায় বাঘটি অক্ষত রয়েছে এবং খাঁচার ভেতরেই অবস্থান করছিল। ফলে দর্শনার্থীদের জন্য বাড়তি কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়নি। ঘটনার পরপরই পুরো পার্ক থেকে সব দর্শনার্থীকে নিরাপদে সরিয়ে নিয়ে পার্কটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, আক্রমণের শিকার হওয়ার ঠিক আগ মুহূর্তে ওই ব্যক্তি খাঁচার ভেতরে অবস্থান করছিলেন। তবে নিহতের পরিবারের প্রতি সম্মান জানিয়ে এবং সংবেদনশীলতার কারণে এ ধরনের মর্মান্তিক দৃশ্য অনলাইনে ছড়িয়ে না দিতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির পরিবারকে মানসিক সহায়তা দিতে বিশেষ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

পার্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ঠিক কীভাবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটল তা নির্ধারণে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ২০০৯ সালে চালু হওয়া ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কটিতে ২০১১ সালে বিপন্ন প্রজাতির আমুর বাঘের (সাইবেরিয়ান বাঘ) জন্য বিশেষ এই বেষ্টনী গড়ে তোলা হয়। সেখানে ৩০০ মিটার দীর্ঘ একটি উঁচু ওয়াকওয়ের ওপর থেকে দর্শনার্থীদের নিরাপদে বাঘ দেখার ব্যবস্থা রয়েছে।