রিয়াদে হুতিদের হামলায় নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্তে কাজ করছে সরকার

পররাষ্ট্র মন্ত্রণালয়

রিয়াদে হুতিদের হামলায় নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্তে কাজ করছে সরকার

ফন্ট সাইজ:

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্তে কাজ করছে সরকার। নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের চালানো প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ওই হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ছাড়া বহু মানুষ আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞপ্তিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বাংলাদেশ বলেছে, এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

একই সঙ্গে হামলার মুখে সৌদি আরবের সরকার ও দেশটির জনগণের প্রতি দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছে ঢাকা। চলমান সংকটের প্রেক্ষাপটে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।