ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে ঘরের মাঠে ৭৩ মিনিটে গোলের দেখা পেলো ম্যানচেস্টার ইউনাইটেড। তার মিনিট পাঁচেক পর ১০ জনের দলে পরিণত হলো টটেনহ্যাম হটস্পার। তবে সে সুযোগ কাজে লাগাতে পারলো না রেড ডেভিলরা। উল্টো যোগ করা দ্বিতীয় মিনিটে সমতাসূচক গোল করে ১ পয়েন্ট ছিনিয়ে নিলো স্পার্সরা।
ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের শুরু থেকেই ইউনাইটেডের ওপর চড়াও হয়ে খেলে সফরকারীরা। শুরুতেই গোলকিপার সেনে লামেন্সের ভুলে গোলের সুবর্ণ সুযোগ পেয়ে যান ডমিনিক সোয়ানকে। তবে তা কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। প্রথমার্ধে কুদুস ও বার্গভালদের একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়া ইউনাইটেড গ্যালারির দর্শকদের অসন্তোষের মুখে পড়ে। প্রথমার্ধে টটেনহ্যামের গোল করার সুযোগ মিস করার মহড়ার কারণে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধেও একই ধারায় আক্রমণ বজায় রাখে স্পার্সরা। তবে ডেডলক ভাঙতে ব্যর্থ হয় তারা। ম্যাচের ৭৩ মিনিটে খেলার ধারার বিপরীতে গিয়ে জাল খুঁজে পায় স্বাগতিক ইউনাইটেড। মাতেউস কুনহার বাড়ানো পাস থেকে দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে ওল্ড ট্র্যাফোর্ডকে উল্লাসে মাতান ব্রায়ান এমবুমো।
তবে ম্যাচের শেষ ২০ মিনিটে উত্তেজনার পারদ চরমে ওঠে। ৭৯ মিনিটে মার্কোস ভ্যান হেকে ও লুক শকে ফাউল করেন টটেনহ্যামের রদ্রিগো বেন্তানকুর। তিনি লুক শয়ের বুকে ধাক্কা দিলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি বাধে, যা ছড়ায় মাঠের সীমানা পর্যন্ত। রেফারি বেন্তানকুরকে সরাসরি লাল কার্ড এবং ভেন হেকে ও লুক শকে হলুদ কার্ড দেখান।
১০ জনের দলে পরিণত হওয়া টটেনহ্যাম পিছিয়ে পড়েও হাল ছাড়েনি। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সান্দ্রো তোন্নালির ক্রসে বক্সের ভেতর থেকে হেডে বল জালে জড়িয়ে স্কোরলাইন ১-১ করেন ডমিনিক সোয়ানকে। অতিরিক্ত আট মিনিটের যোগ করা সময়ে দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে উঠলেও আর কোনো গোল হয়নি। ঘরের মাঠে লিড নিয়েও ড্র করায় টেবিলের পরিস্থিতি নিয়ে আরও হতাশায় ভুগতে হলো মাইকেল ক্যারিকের দলকে।
