বাংলাদেশ ফুটবল লীগে চলছে গোল উৎসব। আগের দিন চার ম্যাচে হয়েছিল ১৪ গোল। বসুন্ধরা কিংস ওয়ান্ডারার্সের জালে দিয়েছিল সাত গোল, ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ফর্টিস এফসির জয় ছিল ৬-০ ব্যবধানে। শুক্রবার কিংসের হয়ে হ্যাটট্রিক করেছিলেন সাব্বির হোসেন। গতকালও গোলের সেই ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ পুলিশ এফসি ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবকে ৮-০ গোলে হারিয়েছে পুলিশ আর আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে মোহামেডানের জয় ৬-০ ব্যবধানে। দুই ম্যাচেই দেখা গেছে হ্যাটট্রিকের ঝলক। পুলিশের হয়ে তিন গোল করেছেন মোহাম্মদ রাসুল বা, মোহামেডানের হয়ে সুলেমান দিয়াবাতে।
নিজেদের হোম ভেন্যু গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল পুলিশ। বিরতির পর আরও পাঁচ গোল করে প্রতিপক্ষকে বিধ্বস্ত করে এস এম আসিফুজ্জামানের দল। পুলিশের সেনেগালিজ ফরোয়ার্ড মোহাম্মদ রাসুল বা পূর্ণ করেন হ্যাটট্রিক। জোড়া গোল করেছেন এমএস বাবলু। একটি করে গোল পেয়েছেন রাব্বি হোসেন রাহুল, আরমান ফয়সাল আকাশ ও মানিক মোল্লা। এ নিয়ে লীগে নিজেদের তিন ম্যাচেই জয় পেয়েছে পুলিশ। তিন ম্যাচে ১২ গোল করার পাশাপাশি এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি দলটি। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ১-০ এবং চট্টগ্রাম সিটি এফসিকে ৩-০ গোলে হারানোর পর এবার বড় ব্যবধানে জিতল পুলিশ। পূর্ণ নয় পয়েন্ট নিয়ে তৃতীয় রাউন্ড শেষে পয়েন্ট তালিকার শীর্ষেও রয়েছে তারা।
তিন ম্যাচ খেলা অন্য কোনো দলই এখন পর্যন্ত শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখতে পারেনি। এদিকে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার
হওয়ার কথা ছিল মোহামেডান ও আরামবাগের ম্যাচটি। কুমিল্লা শিক্ষা বোর্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত স্টেডিয়ামটি বরাদ্দ থাকায় ম্যাচের ভেন্যু পরিবর্তন করে নেওয়া হয় মুন্সিগঞ্জে। গতকাল শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল সাদা-কালোরা। দ্বিতীয়ার্ধে আরও চার গোল করে বড় জয় নিশ্চিত করে তারা। মোহামেডানের হয়ে হ্যাটট্রিক করেছেন মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে। এক মৌসুম আবাহনীতে কাটিয়ে সাদা-কালো শিবিরে ফিরেই দারুণ পারফরম্যান্স দেখালেন তিনি। একটি করে গোল করেছেন মিনহাজুর আবেদীন রাকিব, সৌরভ দেওয়ান ও শাহরিয়ার ইমন। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে মোহামেডান।
পয়েন্ট তালিকায় পুলিশের পেছনে সাত পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ফর্টিস এফসি ও সিটি ক্লাব। গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুইয়ে ফর্টিস। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড।
