খাল ও কৃষিজমি দখল করে মাছ চাষ

খাল ও কৃষিজমি দখল করে মাছ চাষ

ফন্ট সাইজ:

ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সরকারি খাল ভরাট করে দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। একই সঙ্গে মঠবাড়ি ও পার্শ্ববর্তী ফুলবাড়ীয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের কয়েকজন কৃষকের জমি ভাড়া নেয়ার নামে দখল করে মাছ চাষের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এতে কয়েকটি গ্রামের কয়েকশ’ কৃষক বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও শুষ্ক মৌসুমে সেচ সংকটের আশঙ্কায় রয়েছেন। অন্যদিকে, জমি দখলে থাকায় সংশ্লিষ্ট মালিকরা ধান চাষ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন। ভুক্তভোগীদের দাবি, সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও তারা প্রতিকার পাচ্ছেন না। দীর্ঘদিন ধরে জমি দখলে থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। এ ঘটনায় প্রতিকার চেয়ে একটি ভুক্তভোগী পরিবার লিগ্যাল এইডে আবেদন করেছে বলেও জানা গেছে।

সরজমিন দেখা যায়, মঠবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে একটি সরকারি খাল ভরাট করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, খালটির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হলে মঠবাড়ি ও ফুলবাড়ীয়া উপজেলার রঘুনাথপুরসহ আশপাশের তিন-চারটি গ্রামের কৃষিজমিতে পানি নিষ্কাশন ও সেচ কার্যক্রম ব্যাহত হতে পারে। ভুক্তভোগীদের অভিযোগ, লাল মিয়া মাছ চাষের কথা বলে কৃষকদের কাছ থেকে জমি ভাড়া নেন। তবে পরবর্তী সময়ে চুক্তি অনুযায়ী ভাড়া পরিশোধ না করে জমি দখলে রাখেন। এভাবে বছরের পর বছর তাদের জমি ভোগদখল করা হচ্ছে। ফলে জমির মালিকরা নিজেদের জমিতে চাষাবাদ করতে পারছেন না। ভুক্তভোগী দেলোয়ার হোসেন বলেন, চোখের সামনে লাল মিয়া সরকারি খাল ভরাট করে দখলে নিয়েছেন। খালের পাশের কৃষিজমিও ভাড়া নেয়ার নামে দখল করে রেখেছেন। আমার ১৩ শতাংশ জমি সাত বছর ধরে তার দখলে রয়েছে। আমি সরকারের কাছে এর বিচার চাই।

আরেক ভুক্তভোগী পরিবারের পক্ষে সাদ্দাম হোসেন বলেন, লাল মিয়া জোরপূর্বক আমার ৯ শতাংশ জমি দখল করে রেখেছেন। ১২ বছর ধরে জমির ভাড়া পাচ্ছি না। আমি সরকারের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
স্থানীয় মোখলেছুর রহমান অভিযোগ করে বলেন, লাল মিয়া বিভিন্ন কৌশলে সরকারি খালটি ভরাট করেছেন। এতে কৃষিকাজের ক্ষতি হচ্ছে। খালের পাশের মালিকানাধীন কৃষিজমিও তার নজরে পড়েছে। মাছ চাষের কথা বলে জমি ভাড়া নেয়ার নামে দখল করে রেখেছেন। আমার ৩২ দশমিক ৫ শতাংশ জমি ১২ বছর ধরে তার দখলে রয়েছে। আমি এর সঠিক বিচার চাই। অভিযোগের বিষয়ে লাল মিয়া বলেন, যেদিকে খাল ছিল, সেদিক বন্ধ করে অন্যদিকে খাল খনন করে দিয়েছি। অন্য দিকে কোথায় দিয়েছেন- প্রশ্ন করলে তিনি ফোন কেটে দেন।