রিয়াদ বিমানবন্দরে ফের হামলায় নিহত ১, আহত অন্তত ১১

রিয়াদ বিমানবন্দরে ফের হামলায় নিহত ১, আহত অন্তত ১১

ফন্ট সাইজ:

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে চালানো এক হামলায় একজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। শনিবারের ভয়াবহ হামলার রেশ কাটতে না কাটতেই রোববার বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে এই হামলা করা হয়। এতে টার্মিনালে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এ নিয়ে গত এক সপ্তাহে রিয়াদের বিমানবন্দরে ধারাবাহিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি অজ্ঞাত প্রজেক্টাইল বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪-এ আঘাত হানে। এছাড়া পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোন এবং দক্ষিণ সীমান্তসংলগ্ন খামিস মুশাইতে নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে সৌদি জোট। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নতুন এ হামলায় একজনের মৃত্যু ও ১১ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

এদিকে রোববার এক টেলিভিশন ভাষণে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, রিয়াদের পাশাপাশি তারা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মামের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং তেল কোম্পানি আরামকোর দুটি স্থাপনাতেও সফল হামলা চালিয়েছে। সৌদি কর্তৃপক্ষ রাতে দাম্মাম বিমানবন্দরে আঘাতের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণে কাজ চলছে। একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, রানওয়েতে থাকা বেশ কয়েকটি বিমানের খুব কাছে একটি প্রজেক্টাইল আঘাত হানায় আগুন ধরে যায়, যার ফলে যাত্রীদের দ্রুত নামিয়ে বিমানবন্দর ত্যাগ করার নির্দেশ দেয়া হয়।
হুতিরা আবারও সতর্কবার্তা জারি করে সৌদি আরবের সমস্ত বিমানবন্দর এড়িয়ে চলতে বেসামরিক উড়োজাহাজগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। অপর দিকে সৌদি জোটের মুখপাত্ররা জানান, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে ১২৪ দফা বিমান হামলা চালিয়েছে তারা। আক্রমণ বন্ধ না হলে ‘আরও ভয়াবহ পরিণতি’ ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এমন উত্তেজনার মুখে বৃটেন তাদের নাগরিকদের মদিনা ছাড়া সৌদি আরবের কোনো বিমানবন্দরে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করতে পরামর্শ দিয়েছে। এছাড়া মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষও সৌদি আকাশসীমায় চলাচলে সতর্কতা জারি করেছে। পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ রিয়াদের সমস্ত স্কুলে সশরীরে পাঠদান বন্ধ রেখে আগামী বৃহস্পতিবার পর্যন্ত অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।