সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় লেফটেন্যান্ট (অব.) গুলশান আরাকে এবং তার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে অভিযান চালিয়ে তাদেরকে রাজধানী থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার সকালে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করেছে ডিবি। ডিবির সূত্র জানায়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে ওই দুই কর্মকর্তার যোগসাজশের তথ্য রয়েছে।
