হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে রক্ষণশীল ভাষ্যকার কেটি জাকারিয়াকে নিয়োগের বিষয় শুক্রবার নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর আগে তিনি আগে ক্রিস্টি নোয়েমের অধীনে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের পদত্যাগের পর শূন্য হওয়া পদে তাকে নিয়োগ দেয়া হলো। ৪২ বছর বয়সী জাকারিয়া একজন আইনজীবী। ফক্স নিউজ ও নিউজম্যাক্সে নিয়মিত অতিথি হিসেবেও তাকে দেখা যায়। এ বছরের শুরুর দিকে স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের মুখপাত্র হিসেবে দায়িত্ব নেয়ার মাত্র ছয় সপ্তাহের মাথায় মার্চে আকস্মিকভাবে তিনি চাকরি ছেড়ে দেন।
অনলাইন ডেইলি মেইল বলছে, শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন। ক্যালিফোর্নিয়ায় জন্ম নেয়া জাকারিয়াকে ‘অসাধারণ’ বলে অভিহিত করেন তিনি। ট্রাম্প লিখেছেন, তার সমর্থনের রেকর্ডে কোনো দাগ নেই। শুরু থেকেই তিনি বিশ্বস্ত ও মেধাবী সমর্থক। একইভাবে তিনি মেক আমেরিকা গ্রেট এগেইন (মাগা) আন্দোলনের একনিষ্ঠ ভক্ত ও সদস্য।
জাকারিয়া বর্তমানে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের যোগাযোগবিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন। ট্রুথ সোশ্যাল এই প্রতিষ্ঠানেরই মালিকানাধীন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ট্রাম্প তাকে প্রেস সেক্রেটারির পদে বেছে নেন। আগস্টের শেষ দিকে নিজের দুই ছোট সন্তানের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য পদত্যাগ করেন ক্যারোলিন লেভিট। এরপর এক মাসেরও বেশি সময় ধরে হোয়াইট হাউসের ব্রিফিং কক্ষে স্থায়ী কোনো প্রেস সেক্রেটারি ছিলেন না। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, জাকারিয়াকে চূড়ান্তভাবে বেছে নেয়ার আগে লেভিটের সঙ্গে ব্যক্তিগতভাবে পরামর্শ করেন ট্রাম্প।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকালে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জাকারিয়া। তার নিয়োগের খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টা আগেই এই বৈঠক হয়। জাকারিয়ার নাম সামনে আসার আগে মাগা আন্দোলনপন্থী বেশ কয়েকজন গণমাধ্যম ব্যক্তিত্বকে এই পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছিল। তাদের মধ্যে ছিলেন সিএনএনের ভাষ্যকার স্কট জেনিংস, ফক্স বিজনেসের সাবেক উপস্থাপক মারিয়া বার্তিরোমো এবং ট্রাম্পের সাবেক আইনজীবী আলিনা হাব্বা।
