প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্রতিবাদে সড়ক অবরোধ

ফন্ট সাইজ:

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত করা হয়েছে। শনিবার সকাল ১১টায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরীক্ষার আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে।

বিষয়টি নিশ্চিত করে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব ডি এম আতিকুর রহমান জানিয়েছেন, আগামী দুই-তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

১১তম গ্রেডের ২৪২টি পদের বিপরীতে এ নিয়োগ পরীক্ষায় সারা দেশ থেকে তিন লাখের বেশি প্রার্থীর অংশ নেয়ার কথা ছিল। এ জন্য রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছিল।

পরীক্ষার আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়, অধিদপ্তরের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও তার এক আত্মীয়সহ একটি চক্র প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত। পোস্টটিতে প্রার্থীপ্রতি গড়ে ২৫ লাখ টাকায় চুক্তি এবং রাতভর বিভিন্ন স্থানে কথিত প্রশ্ন ও উত্তর পড়ানোর অভিযোগও করা হয়।

এদিকে পরীক্ষা স্থগিত হওয়ার প্রতিবাদে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও সাত মসজিদ সড়কসহ রাজধানীর বেশ কিছু সড়ক অবরোধ করেছেন পরীক্ষার্থীরা।