মালয়েশিয়ার অর্থনীতি মন্ত্রণালয় ২০২৭ সালের জন্য নতুন ও চলমান মিলিয়ে মোট ৯ হাজার ৯৫৫টি উন্নয়ন প্রকল্পের প্রস্তাব পেয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে প্রস্তাবিত ব্যয়ের পরিমাণ ৯৪৪ বিলিয়ন রিঙ্গিত যা প্রায় ৯৪ হাজার ৪০০ কোটি রিঙ্গিত। তবে এসব প্রকল্প বিবেচনার জন্য ২০২৭ সালের উন্নয়ন পরিকল্পনা প্রক্রিয়ায় ৮০ দশমিক ৪ বিলিয়ন রিঙ্গিতের উন্নয়ন বরাদ্দসীমা প্রয়োজন হবে বলে জানিয়েছে দেশটির মন্ত্রণালয়।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, দেশটির অর্থনীতি মন্ত্রণালয় এক লিখিত সংসদীয় জবাবে এ তথ্য জানিয়েছে। ত্রয়োদশ মালয়েশিয়া পরিকল্পনা (২০২৬-২০৩০)-এর আওতায় মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পর্যায়ক্রমিক পরিকল্পনা প্রক্রিয়ার মাধ্যমে নতুন উন্নয়ন কর্মসূচি ও প্রকল্পের প্রস্তাব জমা দিতে পারবে। এসব প্রস্তাব যাচাই-বাছাই করে বিবেচনা করবে অর্থনীতি মন্ত্রণালয়।
সরকারের পক্ষ থেকে উন্নয়ন প্রকল্প ঘোষণার সময় সুনির্দিষ্ট বরাদ্দ, বাস্তবায়নের সময়সীমা, লক্ষ্যমাত্রা এবং দায়িত্বপ্রাপ্ত সংস্থার নাম নিশ্চিত করার পদ্ধতি সম্পর্কে জানতে সংসদে প্রশ্ন করেন গাবুঙ্গান পার্টি সারাওয়াকের শ্রী আমানের সংসদ সদস্য ডরিস সোফিয়া ব্রোদি। জবাবে মন্ত্রণালয় জানিয়েছে, প্রকল্পের অগ্রাধিকার নির্ধারণে বিভিন্ন মন্ত্রণালয়, রাজ্য সরকার ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা করা হয়েছে। প্রকল্পের বাস্তব প্রয়োজন, বাস্তবায়ন সক্ষমতা এবং নির্ধারিত সময়সীমা বিবেচনায় নিয়ে এ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।
নিউ স্ট্রেইটস টাইমস-মন্ত্রণালয়ের বরাতে আরও জানিয়েছে, অনুমোদিত প্রকল্পগুলো যাতে সুশৃঙ্খলভাবে বাস্তবায়িত হয়, নির্ধারিত অর্থবছরের মধ্যে বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায় এবং সময়মতো কাজ শেষ হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণ, রাজ্যগুলোর উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নত করার প্রত্যাশা করছে সরকার। ত্রয়োদশ মালয়েশিয়া পরিকল্পনায় আরও লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, অনুমোদনের পর দ্বিতীয় বছরেও বাস্তবায়ন শুরু হয়নি—এমন উন্নয়ন প্রকল্পের হার ২০৩০ সালের মধ্যে শূন্যে নামিয়ে আনতে হবে। এর উদ্দেশ্য হলো অনুমোদিত প্রকল্পের কাজ দ্রুত শুরু করা এবং বাস্তবায়নে বিলম্ব কমানো।
উন্নয়ন প্রকল্পের সংখ্যা প্রায় ১০ হাজার
৯৪৪ বিলিয়ন রিঙ্গিতের উন্নয়ন প্রকল্পের প্রস্তাব পেয়েছে মালয়েশিয়া
স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া থেকে
অনলাইন
৪৫ মিনিট আগে
১০ অক্টোবর (শনিবার), ২০২৬, ১০ঃ১৭ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
