শ্রীপুরে বিকাশ কর্মীদের গুলি করে তিন কোটি টাকা লুট

শ্রীপুরে বিকাশ কর্মীদের গুলি করে তিন কোটি টাকা লুট

ফন্ট সাইজ:

গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’ কর্মীদের গুলি করে প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় একাউন্টস ম্যানেজার হিমেল নামের একজন গুলিবিদ্ধ, প্রাইভেট কারে থাকা চালক লাল মিয়া, এরিয়া ম্যানেজার ফরহাদ আহত হন। গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিকাশের ডিস্ট্রিবিউটর ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড, শ্রীপুর এর ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুর নামের প্রতিষ্ঠানটি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার সকল ব্যাংক বন্ধ থাকায় ও গার্মেন্টস কর্মীদের বেতনের চাপ থাকায় নগদ টাকার সংকটে পড়েন তারা। বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের বিকাশ ডিস্ট্রিবিউটর "হযরত আলী মুন্সী"কে বিকাশের ব্যালেন্স দিয়ে নগদ টাকা প্রাইভেট কারে করে আনা হচ্ছিল। প্রাইভেট কারটি শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় পৌঁছলে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে যোগে দুর্বৃত্তরা পথরোধ করে। এসময় তারা চাইনিজ কুড়ালসহ দেশীয় দিয়ে প্রাইভেট কারের গ্লাস ভেঙে ফেলে। এসময় একটি পিস্তল বের করে একাউন্টস ম্যানেজারকে গুলি করে। প্রাইভেট কারে তিনটি প্লাস্টিকের বস্তায় চার কোটি টাকা ছিল। সেখান থেকে দুটি প্লাস্টিকের বস্তা নিয়ে পালিয়ে যায়। তাদের ধারণাÑ তিন কোটি টাকার মতো লুটের ঘটনা ঘটেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।