মাস দুয়েকের বেশি সময় ধরে ইনজুরিতে মাঠের বাইরে নাহিদ রানা। এ সময়ে খেলতে পারেননি বেশ কয়েকটি সিরিজও। মিরপুর শেরেবাংলা মাঠে ফেরার লড়াইয়ে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন এই পেসার। তবে সম্প্রতি আবারও নতুন করে চোট পেয়েছেন নাহিদ। এরপর স্ক্যানও করা হয়েছে নাহিদের। আশার খবর হচ্ছে, সেখানে গুরুতর কিছু পাওয়া যায়নি। যদিও এখনো ব্যথা অনুভব করছেন তিনি। ফলে বোলিং করতে পারছেন না সেভাবে।
বৃহস্পতিবার মিরপুরে কয়েকটি বল করার পর আবারও ব্যথা অনুভব করেন নাহিদ। এমন পরিস্থিতিতে নাহিদকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের বসার কথা রয়েছে। স্ক্যান রিপোর্ট নিয়ে আবারও আলাপ হবে। এরপর সমাধান না হলে কাতার, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার চিকিৎসকের শরণাপন্ন হবেন তিনি। প্রসঙ্গত, কদিন আগে অস্ট্রেলিয়ায় চিকিৎসক দেখিয়েছিলেন নাহিদ। যতটুকু খবর ব্যথা কমলেও মাঠে ফিরতে সময় লাগবে নাহিদের। ফলে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও পাওয়া যাবে না তাকে। ব্যথা কমলেও নাহিদের ওয়ার্কলোড বিবেচনা করে ফিরতে সময় লাগতে পারে। সামনে আবার দক্ষিণ আফ্রিকা সফর রয়েছে বাংলাদেশ দলের। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নাহিদকে নিয়ে কোনো ধরণের ঝুঁকি নিতে চাচ্ছে না বোর্ড। এমনকি নাহিদ রানা নিজেও চান পূর্ণ ফিট হয়ে মাঠে নামতে।
