সিটি ক্লাব ফর্টিসের জয় রহমতগঞ্জের ড্র

সিটি ক্লাব ফর্টিসের জয় রহমতগঞ্জের ড্র

ফন্ট সাইজ:

মুহুর্মুহু আক্রমণ করেও প্রথমার্ধে গোলের দেখা পাচ্ছিল না ফর্টিস এফসি। একের পর এক দুর্দান্ত সেভে দলকে আগলে রেখেছিলেন ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক মোহাম্মদ রাজিব। তবে বিরতির পর আর শেষ রক্ষা হয়নি। মোহাম্মদ ইব্রাহীমের গোলে শুরু, এরপর ব্রাদার্সের জালে আরও পাঁচবার বল পাঠিয়েছে ফর্টিস। গতকাল বাংলাদেশ ফুটবল লীগের তৃতীয় রাউন্ডে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে ব্রাদার্সকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে দলটি। জোড়া গোল করেছেন পা ওমর বাবু। একটি করে গোল ইব্রাহীম, স্টিফেন চুকউদে, মোহাম্মদ ইনসান হোসেন ও রাফায়েল টুডুর। চট্টগ্রাম সিটি এফসিকে ২-১ গোলে হারিয়ে লীগে তিন ম্যাচে দ্বিতীয় জয় পেয়েছে সিটি ক্লাব। ম্যাচের শুরু থেকেই ফর্টিসের আক্রমণে ব্যস্ত সময় পার করেন রাজিব। ২১ মিনিটে বক্সে জনাথনের সঙ্গে লড়াইয়ে জিতে ইব্রাহীমকে বল বাড়িয়ে দেন পা ওমর বাবু।

ইব্রাহীমের গতিময় শটও ফিরিয়ে দেন ব্রাদার্স গোলরক্ষক। কিছুক্ষণ পর পা ওমর বাবুর শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ৩৪ মিনিটে ইসা জালোর হেড থেকে গোল হওয়ার সম্ভাবনা জাগলেও বাঁ দিকে ঝাঁপিয়ে বল ঠেকিয়ে দেন রাজিব। তাঁর দৃঢ়তায় গোলশূন্য প্রথমার্ধ শেষ করে ব্রাদার্স। বিরতির পর ৫৫ মিনিটে সুযোগ তৈরি করেছিল ব্রাদার্সও। তবে সৈয়দ আলী রেজার শট সহজেই গ্লাভসবন্দি করেন ফর্টিসের গোলরক্ষক সুজন পেরেইরা। পরের মিনিটেই গোলের দেখা পায় ফর্টিস। চুকউদের ক্রস থেকে ছোট বক্সে পা ওমর বাবুর শট ঠেকিয়ে দিলেও ফিরতি বলে জটলার মধ্যে জাল খুঁজে নেন ইব্রাহীম। ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইনসান। বাঁ দিক থেকে ইসা জালোর নিচু ক্রসে দূরের পোস্টে পা ছুঁইয়ে গোল করেন বসুন্ধরা কিংসের এই তরুণ ফুটবলার। পরের মিনিটে পা ওমর বাবুর শট আটকে দেন রাজিব। ৭১ মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার থেকেও সমতা ফেরাতে পারেনি ব্রাদার্স। এরপর শেষ ১৫ মিনিটে আরও চার গোল হজম করে ব্রাদার্স। ৭৫ মিনিটে নিজের প্রথম গোল করেন পা ওমর বাবু। ৮১ মিনিটে কঠিন কোণ থেকে দারুণ এক শটে ব্যবধান ৪-০ করেন গাম্বিয়ান ফরোয়ার্ড। এর মাঝে ৭৯ মিনিটে চুকউদের শট কর্নারের বিনিময়ে ঠেকান রাজিব। ৮৩ মিনিটে স্টিফেন চুকউদে করেন পঞ্চম গোল। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রাফায়েল টুডুর গোলে ৬-০ ব্যবধান নিশ্চিত হয়। ফর্টিসের শেষ দুই গোলেই সহায়তা করেন পা ওমর বাবু। দুই গোল ও দুই অ্যাসিস্টে ম্যাচের সেরা পারফরম্যান্স উপহার দেন এই গাম্বিয়ান ফরোয়ার্ড।

দিনের অন্য ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি এফসিকে ২-১ গোলে হারিয়েছে সিটি ক্লাব। ফর্টিসের বিপক্ষে ৩-৩ গোলে ড্র দিয়ে লীগ শুরু করা মিরপুরের দলটি পরের দুই ম্যাচেই জয় পেয়েছে। সিটি ক্লাবের হয়ে গোল দুটি করেছেন এনামুল ইসলাম ও মোহাম্মদ ইসলাম। অন্যদিকে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে পিডব্লিউডির সঙ্গে গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে ফর্টিস ও সিটি ক্লাবের পয়েন্ট সমান ৭। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে ফর্টিস।