তিন বছর পর আজ থেকে শুরু হচ্ছে প্রথম বিভাগ হকি লীগ। ১১ দলের অংশগ্রহণে প্রতিযোগিতাটি চলবে আগামী ৮ই নভেম্বর পর্যন্ত। সব ম্যাচ হবে ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। তবে লীগ মাঠে ফিরলেও ঘরোয়া হকিতে নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের ধারাবাহিকতা নিয়ে শঙ্কা কাটছে না। ক্রিকেট ও ফুটবলের মতো হকিও দেশের অন্যতম প্রধান খেলা। কিন্তু অন্য দুই খেলায় নিয়মিত ঘরোয়া লীগ হলেও হকিতে দীর্ঘ বিরতি যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ ২০২৩ সালে অনুষ্ঠিত হয়েছিল প্রিমিয়ার ও প্রথম বিভাগ হকি লীগ। এবার তিন বছর পর ফিরছে প্রথম বিভাগ। সকাল ১১টায় উদ্বোধনী ম্যাচে ব্যাচেলার্স এফসির মুখোমুখি হবে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। বিকাল ৩টায় আরেক ম্যাচে ওয়ারী ক্লাবের প্রতিপক্ষ ইয়াং স্টার ক্লাব।
ক্লাবগুলোর দাবির পরিপ্রেক্ষিতে অংশগ্রহণকারী প্রতিটি দলকে আড়াই লাখ টাকা করে অনুদান দিচ্ছে ফেডারেশন। ১১ দলের জন্য মোট অনুদানের পরিমাণ ২৭ লাখ ৫০ হাজার টাকা। রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে প্রতিটি দল খেলবে ১০টি করে ম্যাচ। চ্যাম্পিয়ন দল উঠবে প্রিমিয়ার বিভাগে। সর্বনিম্ন পয়েন্ট পাওয়া দল নেমে যাবে দ্বিতীয় বিভাগে। ২০২৩ সালের আসরে প্রতিটি ক্লাব দুজন করে বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ পেলেও এবার থাকছে না বিদেশি খেলোয়াড়। স্থানীয়দের বেশি সুযোগ দিতেই এই সিদ্ধান্ত। এবারের ১১ দল হলো- ওয়ারী ক্লাব, ফরাশগঞ্জ এসসি, হকি ঢাকা ইউনাইটেড, শিশু-কিশোর সংঘ, পিডব্লিউডি এসসি, ঢাকা ওয়ান্ডারার্স, কম্বাইন্ড এসসি, রায়েরবাজার এসসি, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ঢাকা ইয়াং স্টার ও ব্যাচেলর এসসি। এদিকে হকির মাঠে আম্পায়ারিং নিয়ে বিতর্ক নতুন নয়। খেলোয়াড় ও কোচদের সিদ্ধান্ত নিয়ে আপত্তি থেকে প্রায়ই উত্তেজনা তৈরি হয়। এবার এমন পরিস্থিতি এড়াতে ক্লাবগুলোকে নিয়ম সম্পর্কে অবহিত করার উদ্যোগ নিয়েছে আম্পায়ার্স বোর্ড। বোর্ডের সেক্রেটারি নাজিরুল ইসলাম বলেন, ‘আমরা ক্লাবগুলোর সঙ্গে আজ বসছি।
খেলার নতুন নিয়মগুলো আম্পায়াররা তাদের অবগত করছে। সবাইকে আইন মানতে হবে। না মানলে বাইলজ ও হকির আইন অনুযায়ী ব্যবস্থা হবে।’
লীগ আয়োজনের অনিয়মিত চিত্রও উদ্বেগজনক। ১৯৯৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২৬ বছরে প্রিমিয়ার হকি লীগ হয়েছে মাত্র ১৩ বার, প্রথম বিভাগ হয়েছে ১২ বার। আর ২০১২ সাল থেকে দ্বিতীয় বিভাগ লীগ মাঠে গড়িয়েছে মাত্র পাঁচবার। তিন বছর পর লীগ ফেরা নিঃসন্দেহে স্বস্তির। তবে খেলোয়াড়দের উন্নয়ন, নতুন প্রতিভা তৈরি ও জাতীয় দলের শক্তি বাড়াতে প্রয়োজন নিয়মিত ঘরোয়া প্রতিযোগিতা। এবারের লীগ তাই শুধু পদোন্নতি ও অবনমনের লড়াই নয়, হকিতে ধারাবাহিকতা ফেরানোরও পরীক্ষা।
