যে কারণে কুমিল্লায় অনুষ্ঠেয় মোহামেডান আরামবাগ ম্যাচ আজ মুন্সীগঞ্জে

ফন্ট সাইজ:

বাংলাদেশ ফুটবল লীগের সূচিতে গতকাল ছিল পাঁচটি ম্যাচ। হয়েছে চারটি। কুমিল্লার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচটি মাঠে গড়ায়নি। কুমিল্লা শিক্ষা বোর্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য ৪ থেকে ১০ই অক্টোবর পর্যন্ত স্টেডিয়ামটি বরাদ্দ থাকায় ম্যাচটি সরিয়ে নেয়া হয়েছে মুন্সীগঞ্জে। আজ শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

ম্যাচটি স্থগিতের কথা আগের দিন সন্ধ্যায় জানালেও নতুন সূচি ও ভেন্যু সম্পর্কে কিছু জানায়নি বাফুফের মিডিয়া বিভাগ। পরে আরামবাগ ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী জানান, মাঠ না পাওয়ায় কুমিল্লায় ম্যাচটি

আয়োজন করা সম্ভব হচ্ছে না। বাফুফে তাদের মৌখিকভাবে জানিয়েছে, ম্যাচটি আজ মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হবে। শুধু এই ম্যাচ নয়, চলতি মৌসুমে কুমিল্লায় বাংলাদেশ ফুটবল লীগের অন্য ম্যাচগুলো আয়োজন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্থানীয় খেলাধুলাকে অগ্রাধিকার দিতে চায় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা। এ কারণে লীগের ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়াম বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলে তারা বাফুফেকে জানিয়েছে। বিষয়টি নিয়ে গত ৪ঠা অক্টোবর বাফুফে ভবনে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও ক্লাব প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভা করে বাফুফে। তবে ওই সভায় কুমিল্লা ভেন্যুতে লীগের ম্যাচ আয়োজনের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে মৌসুমের বাকি ম্যাচগুলো কোথায় আয়োজন করা হবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।