খাজাকে ‘নিজের গল্প’ বলতে বললেন কামিন্স

স্যান্ডপেপার কেলেঙ্কারি

খাজাকে ‘নিজের গল্প’ বলতে বললেন কামিন্স

ফন্ট সাইজ:

২০১৮ সালের কেপটাউন টেস্টে সেই কুখ্যাত বল টেম্পারিং বা ‘স্যান্ডপেপার কেলেঙ্কারি’র ঘটনা আজও ক্রিকেটবিশ্বের মনে তাজা। ক্রিকেট অস্ট্রেলিয়ার সেই স্মৃতি নতুন আলোচনায়। আগামী মাসে প্রকাশিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজার বহুল প্রতীক্ষিত আত্মজীবনী ‘সবর’। আর এই বইয়ে স্যান্ডপেপার কেলেঙ্কারির প্রসঙ্গ আসা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে সিরিজের প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে কামিন্স জানিয়েছেন, খাজার বই লেখার বিষয়টি তিনি আগে থেকেই জানেন এবং এ নিয়ে খাজার সঙ্গে তার কথাও হয়েছে। কামিন্স সোজাসাপ্টা বলেন, ‘আপনি যার বই, তাকে এ বিষয়ে প্রশ্ন করতে পারেন। বিষয়টি অনেক আগের। সেসময় সব তদন্ত হয়েছে, প্রতিটা প্রশ্নের লাখোবার উত্তর দেয়া হয়েছে। আমরা দল হিসেবে অনেক আগেই এই অধ্যায় পার করে এসেছি।’

তিনি আরও বলেন, ‘খাজা খুব বেশি বিস্তারিত বলেনি। তবে আমার প্রতিক্রিয়া সবসময়ই সহজ, কোনো সমস্যা নেই, তোমার গল্প তুমি বলতে পারো, এটি ঠিক আছে।’ ২০১৮ সালের সেই দক্ষিণ আফ্রিকা সফরে দুই দলের মধ্যে মাঠের ভেতর থেকে শুরু করে ড্রেসিংরুমের সিঁড়ি পর্যন্ত তীব্র উত্তাপ ছড়িয়ে পড়ে। বল টেম্পারিংয়ের দায়ে সে সময় ডেভিড ওয়ার্নারকে ১২ মাস এবং অধিনায়ক স্টিভ স্মিথকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এছাড়া ক্যামেরন ব্যানক্রফট পান ৯ মাসের নিষেধাজ্ঞা। দীর্ঘ তদন্তে বোলার ও অন্য সতীর্থদের সংশ্লিষ্টতা মেলেনি এবং তারা কখনোই এ বিষয়ে কিছু জানতেন না বলে দাবি করে আসছেন কামিন্স। তবে খাজার আত্মজীবনীতে সেদিনের ঘটনার কী চিত্র উঠে আসবে, তা নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

সেই ঘটনার পর বিশ্ব ক্রিকেটে এবং অস্ট্রেলিয়া দলের আচরণে বড় পরিবর্তন এসেছে। বর্তমান দল আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি পরিপক্ক ও সংযত বলে মনে করেন অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেন, ‘২০১৮ সালের সিরিজটি বেশ বড় এবং উত্তপ্ত ছিল। তবে এরপর বিশ্বের প্রায় প্রতিটি দলই নিজেদের মানসিকতায় পরিবর্তন এনেছে। আমাদের বর্তমান দলটি খেলার ধরনে আগের চেয়ে একেবারেই আলাদা। ওই সিরিজের পর থেকে ছেলেরা যেভাবে নিজেদের গুছিয়ে নিয়েছে, তাতে আমি সত্যিই গর্বিত।’ দক্ষিণ আফ্রিকার মাটিতে অস্ট্রেলিয়ার বর্তমান এই টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দলের লড়াই হওয়ায় মাঠের উত্তাপের পাশাপাশি মাঠের বাইরের আলোচনাও জমে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, খাজার আত্মজীবনী প্রকাশের পর এই পুরনো বিতর্ক নতুন মোড় নিতে পারে।