টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর এবারের দুর্গাপূজা কাটবে কলকাতায়। নতুন ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’র প্রচার শেষ করেই উৎসবে যোগ দেবেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পূজার পরিকল্পনা, নতুন ছবি ও বিয়ে নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। জলপাইগুড়িতে বেড়ে উঠলেও কাজের সূত্রে কলকাতায় আসার পর থেকে শহরেই পুজো কাটান মিমি। তার কথায়, কলকাতার পুজোর আড়ম্বর, আলোকসজ্জা, পাড়ায় পাড়ায় পুরনো দিনের গান এবং মানুষের উৎসবের আনন্দ তাকে মুগ্ধ করে। নিজের আবাসনের পুজোয় অঞ্জলি দেয়া, ফুল বিতরণ ও পাড়ার মানুষের সঙ্গে কাজে অংশ নিতেও ভালোবাসেন তিনি। পুজোয় শাড়ি, সাবেকি গয়না, বন্ধুদের সঙ্গে আড্ডা, খাওয়া-দাওয়া এবং ধুনুচি নাচের পরিকল্পনাও রয়েছে তার।
এবারের পুজোয় মুক্তি পাচ্ছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। সৃজিতের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় থাকলেও এই প্রথম তার পরিচালনায় কাজ করলেন মিমি। ছবিতে আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে সুমিত্রার চরিত্রে অভিনয় করেছেন তিনি। চরিত্রটি ‘গানের ওপারে’ ধারাবাহিকের পুপের আদলে তৈরি বলে জানিয়েছেন অভিনেত্রী। কাজটি নিয়ে বাড়তি সতর্ক ছিলেন বলেও জানান তিনি। এদিকে, ডিসেম্বরে মিমির বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে হাসতে হাসতে তিনি বলেন, আমিও শুনছি আমার বিয়ে। পাত্রের গুণাবলী প্রসঙ্গে মিমি জানান, ভালো মানুষ, ঘনিষ্ঠ বন্ধু ও ভ্রমণপ্রিয় জীবনসঙ্গী চান তিনি। তার পোষ্যদের ভালোবাসতে হবে বলেও উল্লেখ করেন অভিনেত্রী। তবে বিয়ের নির্দিষ্ট সময় নিয়ে কিছু জানাননি তিনি।
