একদিনে পাঁচ গানের রেকর্ড করেছেন কনকচাঁপা

একদিনে পাঁচ গানের রেকর্ড করেছেন কনকচাঁপা

ফন্ট সাইজ:

দেশের গুণী সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এ শিল্পীর ঝুলিতে আছে সাড়ে তিন হাজারের বেশি সিনেমার গান, ৪০টির বেশি একক গানের অ্যালবাম। ব্যস্ততম দিনগুলোর কথা স্মরণ করে কনকচাঁপা জানান, এমনও দিন গেছে একই দিনে পাঁচটি স্টুডিওতে পাঁচটি গানের রেকর্ড করেছেন। এ রকম ঘটনা তার জীবনে ঘটেছে পাঁচ থেকে সাতবার। সম্প্রতি কনকচাঁপা অতিথি হিসেবে অংশ নিয়েছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে। আজ শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে এই বিশেষ পডকাস্ট। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টে উঠে এসেছে শিল্পী কনকচাঁপার না বলা অনেক কথা।

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ সিনেমাতে মাত্র দুইবার প্লেব্যাক করেছিলেন। দুইবারই কনকচাঁপা ছিলেন তার সহশিল্পী। কনকচাঁপা বলেন, প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর-সংগীতে আমি আর সালমান শাহ গান করি। সালমান শাহ পেশাদার শিল্পীদের মতো স্টুডিওতে এসে গান করেছিল, এতটুকু ভোগায়নি। প্রয়াত এন্ড্রু কিশোরের সঙ্গে সিনেমাতে সর্বাধিক গান করেছিলেন কনকচাঁপা। প্রিয় সহকর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজশাহীবাসীর কাছে কনকচাঁপা অনুরোধ করেছেন, কিংবদন্তি শিল্পীর স্মৃতি রক্ষায় কোনো একটি স্টেডিয়ামের নাম ‘এন্ড্রু কিশোর’র নামে করা হোক। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।