সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে বাংলাদেশ এবং আফগানিস্তানের টেস্ট ম্যাচ। সেখানে তাপমাত্রা প্রায় ৪৪ ডিগ্রি। উত্তপ্ত মরুর বুকে টেস্ট চ্যালেঞ্জে নামছে নাজমুল হোসেন শান্তর দল। তবে কন্ডিশন নিয়ে অজুহাত দেয়ার সুযোগ দেখছেন না টাইগার আধিনায়ক। দলের ক্রিকেটাররা আগে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের মানিয়েছেন। অধিনায়ক শান্ত বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের ভালো একটি সিরিজ গেছে। কিন্তু সেটি এখন অতীত। এটি নতুন কন্ডিশন, নতুন প্রতিপক্ষ। তাই আমাদেরও সেভাবেই পরিকল্পনা করতে হবে। এখানকার কন্ডিশন অবশ্যই আলাদা। দলের কয়েকজন ক্রিকেটার একটু আগে এসে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে, যা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে। আমার বিশ্বাস, খেলোয়াড়েরা প্রস্তুত এবং তারা কন্ডিশন ও প্রতিপক্ষের সঙ্গে মানিয়ে নিতে পারবে।’
আবুধাবির উইকেট পর্যবেক্ষণ নিয়ে কথা বলেন শান্ত। উইকেটের চরিত্র প্রসঙ্গে শান্ত জানান, ‘গতকাল উইকেটটা একটু দেখার সুযোগ হয়েছে। আজকে আবার দেখব। দেখে ভালোই মনে হয়েছে। হয়তো কিছুটা ধীর থাকতে পারে। তবে আমার মনে হয় ব্যাটিংয়ের জন্য ভালো হবে। আশা করছি, খুব ভালো একটি টেস্ট ম্যাচ হবে।’ টেস্ট ফরম্যাটের প্রতি নিজেদের অনুরাগের কথা তুলে ধরেন তিনি। ফরম্যাট প্রসঙ্গে শান্ত যোগ করেন, ‘এখনকার সময়ে টেস্ট ক্রিকেটে খেলোয়াড়দের অনুপ্রাণিত রাখা কঠিন, কিন্তু আমরা পেশাদার ক্রিকেটার। আমরা যখন বেড়ে উঠেছি, তখন সবাই টেস্ট ক্রিকেট খেলতে চেয়েছি। বেশির ভাগ ক্রিকেটারকেই জিজ্ঞেস করলে বলবে, তারা টেস্ট খেলতে চায়। টেস্ট ক্রিকেট একজন খেলোয়াড়দের জন্য সবসময়ই বিশেষ। আমি ব্যক্তিগতভাবে ছোট সংস্করণের চেয়ে আরও বেশি টেস্ট ম্যাচ খেলতে চাই।’ অন্যদিকে আবহাওয়া সম্পর্কে অধিনায়ক শান্ত বলেন, ‘আমার মনে হয় প্রস্তুতি ভালো হয়েছে। কন্ডিশন একটু গরম, এটা থাকবেই। তবে আমরা পেশাদার খেলোয়াড় হিসেবে এটাকে কোনো অজুহাত হিসেবে দেখতে চাই না। আমার মনে হয়, খেলোয়াড়েরা এসব নিয়ে খুব বেশি চিন্তা করছে না।
ব্যক্তিগতভাবে আমার রিকভারি ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন সুস্থ আছি। গত দুই দিন অনুশীলন করেছি এবং ভালো অনুভব করছি।’ অন্যদিকে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতি প্রসঙ্গে বেশ আত্নবিশ্বাসী অধিনায়ক শান্ত। তিনি বলেন, ‘গত কয়েক বছর আমরা বিশেষ করে টেস্টে ভালো ক্রিকেট খেলছি। টেস্ট দল হিসেবে আমরা এটাই করতে চেয়েছি। কীভাবে এই সংস্করণে আরও উন্নতি করা যায়, তা নিয়ে দেশে আমরা অনেক পরিশ্রম করছি। গত কয়েক বছরে ভালো করেছি, কিন্তু এখনো অনেক জায়গায় উন্নতি করতে হবে। ভিন্ন প্রতিপক্ষ ও ভিন্ন কন্ডিশনে খেলেও আমাদের ধারাবাহিক হতে হবে।’ এছাড়াও দুই বোর্ডের সম্পর্ক এবং প্রতিযোগিতা প্রসঙ্গে শান্ত যোগ করেন, ‘দুই বোর্ডের মধ্যে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। গত বছর আমরা এখানে সিরিজ খেলেছি। তবে এবার সংস্করণটা ভিন্ন। অনেক দিন পর আমরা টেস্ট ক্রিকেট খেলতে যাচ্ছি। আমরা খুবই রোমাঞ্চিত। আমার বিশ্বাস, দুই দলই এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং জিততে চাইবে।’
দুই দলের টেস্ট মুখোমুখি লড়াইয়ের ঘটনা দুইটি। এখন পর্যন্ত দুইটি টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল। জয় এবং পরাজয়ের হিসাব এক-এক সমতায় রয়েছে। আগের দুইটি ম্যাচই বাংলাদেশের মাটিতে আয়োজিত হয়েছিল। চট্টগ্রামের মাঠে অনুষ্ঠিত টেস্টে ২২২৪ রানের ব্যবধানে জয় পায় আফগানিস্তান। সেই ম্যাচে বল এবং ব্যাট হাতে অলরাউন্ড পারফর্ম করে জয় নিশ্চিত করেন আফগান অধিনায়ক রশিদ খান। চার বছর পর মিরপুরে আফগানিস্তানকে ৫৪৬ রানের ব্যবধানে হারায় বাংলাদেশ। মিরপুরের মাঠে ব্যাটে-বলে নৈপুণ্য দেখিয়ে জয় কুড়ায় বাংলাদেশ। রানের হিসেবে এটি টেস্টের ইতিহাসে তৃতীয় স্থান দখল করেছে এবং এশিয়ার দলগুলোর মধ্যে এক নম্বর জয়।
মরুভূমির মাঠে এটি দুই দলের প্রথম টেস্ট লড়াই। সমতা ভেঙে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন অধিনায়ক শান্ত। দুই দলের লড়াইয়ে ব্যক্তিগত পারফরম্যান্সে সবার সামনে আছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। দুই ইনিংসে দুইটি সেঞ্চুরিসহ শান্তর সংগৃহীত রান ২৭০। চার ইনিংসে ১৯১ রান করে তালিকার দুই নম্বর স্থানে জায়গা করে নেন মুমিনুল হক। আফগানিস্তানের বোলিংয়ের পরিসংখ্যানে শীর্ষ স্থান দখল করেন রশিদ খান। দুই ইনিংসে ১১টি উইকেট শিকার করেন আফগান লেগ স্পিনার রশিদ খান। বাংলাদেশের বোলারদের মধ্যে তালিকার শীর্ষে অবস্থান করছেন তাইজুল ইসলাম। চার ইনিংসে আট উইকেট লাভ করেন বাংলাদেশি এই বাঁহাতি স্পিনার।
