দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লীগ এসএটোয়েন্টির আসন্ন পঞ্চম আসরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে রিশাদ হোসেনের দিকে। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ক্রিকেটার খেলতে যাচ্ছেন এই লীগে। তবে গতির ঝড়ে বিশ্বজুড়ে পরিচিত পেসার নাহিদ রানা নিলামে দল পাননি। বুধবারের নিলামে শেষ পর্যন্ত অবিক্রীত থেকে গেছেন এ টাইগার পেসার। আগামী ১৭ই জানুয়ারি থেকে ২১শে ফেব্রুয়ারি মাঠে গড়াবে এসএটোয়েন্টির এবারের আসর। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ আগেই সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে রিশাদ হোসেনকে।
একইভাবে তারা দলে টেনেছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শকে। দলটির ব্যাটিং কোচের দায়িত্বে আছেন বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। শক্তিশালী সানরাইজার্স শিবিরে রিশাদ সতীর্থ হিসেবে পাচ্ছেন কুইন্টন ডি কক, আনরিখ নর্কিয়া, ত্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন ও অ্যাডাম মিলনের মতো বিশ্বসেরা তারকাদের। এর আগে পাকিস্তান সুপার লীগ (পিএসএল) ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলা রিশাদের সামনে এবার প্রোটিয়াদের ফ্র্যাঞ্চাইজি লীগে নতুন ইতিহাস গড়ার সুযোগ। যদিও এজন্য তাকে পেতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি)। এদিকে, এসএটোয়েন্টির এবারের নিলামে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন পেসার নাহিদ রানা। তার ভিত্তিমূল্য ছিল ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড। গতির কারণে অনেকেই তাকে নিয়ে আশাবাদী ছিলেন। তবে শেষ পর্যন্ত নিলামে অবিক্রীত থেকে যান তিনি। এর আগে বিসিবির এনওসি না পাওয়ার জটিলতায় বিগ ব্যাশের প্রস্তাব ফিরিয়ে দিতে হয় এই তরুণ পেসারকে।
এবারের নিলামে ৭৮৯ জন ক্রিকেটারের মধ্য থেকে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান মাত্র ১৫৬ জন। সবচেয়ে বেশি দামে ২৯ লাখ র্যান্ড খরচ করে ১৮ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জেসন রোলসকে দলে টেনেছে জোবার্গ সুপার কিংস। দক্ষিণ আফ্রিকার বাইরে এখনো তেমন পরিচিতি গড়ে তুলতে পারেননি তিনি। তবে এ তরুণ ক্রিকেটারকে নিজ দেশে দারুণ সম্ভাবনাময় বলে বিবেচনা করা হয়। বাঁহাতি ব্যাটিংয়ের পাশাপাশি বাঁহাতি স্পিনেও বেশ কার্যকর তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে রোলসের অভিষেক হয় গত রোববার। সিএসএ প্রো-টোয়েন্টি কাপে দক্ষিণ আফ্রিকা ইমার্জিংয়ের হয়ে ৩১ বলে ৪৫ রানের ইনিংসের পাশাপাশি বল হাতে একটি উইকেটও নেন তিনি। যুব ওয়ানডেতে ২৪ ম্যাচে ৪২.৭৫ গড়ে ৮৫৫ রানের মালিক রোলস, নিয়েছেন ১৯ উইকেট।
