উজবেকিস্তানকে হারিয়ে ফিলিপাইনের অপেক্ষায় বাংলাদেশের মেয়েরা

উজবেকিস্তানকে হারিয়ে ফিলিপাইনের অপেক্ষায় বাংলাদেশের মেয়েরা

ফন্ট সাইজ:

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী বাছাই টুর্নামেন্টে শুভ সূচনা করলো বাংলাদেশ। গতকাল উজবেকিস্তানের মাটিতে স্বাগতিক দলকে ২-১ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা। এই হারে স্বাগতিক উজবেকিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
ম্যাচের তৃতীয় মিনিটে লিড নেয় বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। পূর্ণিমা মারমার ক্রসে আলমিনা গোল করেন। সেই লিড বাংলাদেশ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ১৭ মিনিটে সমতা আনে স্বাগতিক উজবেকিস্তান। ৯০ মিনিট পর্যন্ত খেলায় ছিল সমতা। ম্যাচের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে জয়সূচক গোল পায় বাংলাদেশ।

মিডফিল্ড থেকে বাড়ানো বলে বক্সের মধ্যে শট নিয়ে গোল আদায় করেন রুনা আক্তার । এএফসি অনূর্ধ্ব-১৭ নারী ঠুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ ‘এইচ’ গ্রুপে পড়েছে। স্বাগতিক উজবেকিস্তান ছাড়া আরেক প্রতিপক্ষ ফিলিপাইন। গ্রুপের প্রথম ম্যাচে ফিলিপাইন ৪-০ গোলে উজবেকিস্তানকে হারিয়েছে। বাংলাদেশ আজ মাত্র এক গোলের ব্যবধানে জেতায় গোলের হিসাবে পিছিয়ে। তাই শেষ ম্যাচে জয় চাই বাংলাদেশের। ১১ই অক্টোবর ফিলিপাইনের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। ওই ম্যাচে জয় পেলে চূড়ান্ত পর্বে চলে যাবে বাংলাদেশ। কিন্তু ড্র করলে দুই দলের সমান ৪ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় চূড়ান্ত পর্বে খেলবে ফিলিপাইন।