অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ সর্বশেষ আসরে পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনাল থেকে বাদ পড়েছিল। আবারও এশিয়ার সেরা হওয়ার লক্ষ্য নিয়ে এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছে টাইগার যুবারা। আগামী ৫ই নভেম্বর পর্দা উঠবে যুব এশিয়া কাপের আগামী আসরের। ৫০ ওভারের টুর্নামেন্টের ফাইনাল হবে ১৪ই নভেম্বর। যুব এশিয়া কাপের ৮ দলকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে।
‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল অনূর্ধ্ব-১৯ দল। ‘বি’ গ্রুপে বাংলাদেমের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দল। আগামী ৫ই নভেম্বর উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশও। যেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। বাংলাদেশের যুবাদের দ্বিতীয় ম্যাচ ৭ই নভেম্বর, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। ম্যাচটি হবে ৯ই নভেম্বর। প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের সেরা দুইটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে। ১২ই নভেম্বর হবে দু’টি সেমিফাইনাল। আর ১৪ই নভেম্বর ফাইনাল খেলা মাঠে গড়াবে।
