আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে অভিনব এক উদ্যোগ নিয়েছে মেক্সিকো। টুর্নামেন্ট চলাকালীন অপরাধীদের মোকাবিলায় মেক্সিকান পুলিশকে সহায়তা করবে একদল ‘রোবট কুকুর’। গত সোমবার দেশটির কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই বিশেষ বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষের বদলে আগে এই রোবটগুলো প্রবেশ করবে, যা নিরাপত্তাকর্মীদের জীবন বাঁচাতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আগামী ১১ই জুন থেকে ১৯শে জুলাই পর্যন্ত মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হবে ফুটবলের এই মহাযজ্ঞ। মেক্সিকোর অন্যতম ভেন্যু মন্তেরেই মহানগরীর গুয়াদালুপে সিটি কাউন্সিল এই রোবটগুলো কিনেছে। চার পা বিশিষ্ট এই একেকটি রোবট কুকুর সংগ্রহ করতে খরচ হয়েছে প্রায় ২৫ লাখ পেসো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা)। মূলত জননিরাপত্তায় কোনো ছাড় না দিতেই এই ব্যয়বহুল প্রযুক্তি বেছে নিয়েছে কর্তৃপক্ষ। তাদের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, পরিত্যক্ত ভবনের ভেতরে চার পায়ে হেঁটে অবলীলায় সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে একটি রোবট। এর গায়ে থাকা ক্যামেরার মাধ্যমে সরাসরি ভিডিও সম্প্রচার করা হচ্ছে পেছনে থাকা পুলিশ কর্মকর্তাদের কাছে। বিপজ্জনক পরিস্থিতিতে রোবটটি আগে প্রবেশ করে সেখানকার তথ্য দেবে, যাতে পুলিশ সদস্যরা কোনো পদক্ষেপ নেয়ার আগেই পরিস্থিতি বুঝতে পারেন। মহড়ায় দেখা গেছে, একজন সশস্ত্র ব্যক্তির মুখোমুখি হয়ে রোবটটি লাউডস্পিকারের মাধ্যমে তাকে অস্ত্র নামিয়ে রাখার নির্দেশ দিচ্ছে। গুয়াদালুপের মেয়র হেক্টর গার্সিয়া বলেন, কোনো দাঙ্গা বা বিশৃঙ্খলার পরিস্থিতিতে সরাসরি মানুষের আগে এই যান্ত্রিক কুকুরগুলোকে মোতায়েন করা হবে। এই প্রযুক্তির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি বলেন, ‘যেকোনো বিপজ্জনক অভিযানে প্রাথমিক হস্তক্ষেপে পুলিশ কর্মকর্তাদের সহায়তা করাই এই রোবট কুকুরের মূল কাজ। এটি মূলত কর্মকর্তাদের শারীরিক নিরাপত্তা নিশ্চিত করবে।’
আগামী বিশ্বকাপে মন্তেরেই স্টেডিয়ামে (যা টুর্নামেন্টের সময় এস্তাদিও মন্তেরেই নামে পরিচিত হবে) মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই ভেন্যুসহ আশপাশের এলাকায় এই যান্ত্রিক কুকুরগুলো সার্বক্ষণিক টহল দেবে।
ফুটবল বিশ্বকাপে মেক্সিকোর পাহারায় ‘রোবট কুকুর’
স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
