মেসির বিদায়ী ম্যাচে বেনিনের সঙ্গে ‘চরম অবমাননা’র অভিযোগ

মেসির বিদায়ী ম্যাচে বেনিনের সঙ্গে ‘চরম অবমাননা’র অভিযোগ

ফন্ট সাইজ:

লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়ী প্রীতি ম্যাচ ঘিরে বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে তৈরি হয় উৎসবের আমেজ। তবে এই জমকালো আয়োজনের অতিথি দল বেনিনের সঙ্গে চরম অবমূল্যায়ন ও বৈষম্যমূলক আচরণের গুরুতর অভিযোগ উঠেছে। ৩-০ গোলে ম্যাচ হারের পর বেনিন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সাথে মাঠের বাইরে যে আচরণ করা হয়েছে, তাতে চরম ক্ষুব্ধ দেশটির ফুটবল ফেডারেশন।
ফরাসি অনুসন্ধানী সাংবাদিক রোমেন মোলিনা নিজের এক্স হ্যান্ডলে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি জানান, অতিথি দলটির সঙ্গে এমন আচরণ করা হয়েছে যেন তারা ফুটবলার নন, কেবল বাণিজ্যিক স্বার্থে ব্যবহারের ‘প্রপস’।

সাংবাদিক রোমেন মোলিনা তার পোস্টে উল্লেখ করেন, “আর্জেন্টিনা ফেডারেশন ও খেলোয়াড়দের কাছ থেকে বেনিন যে ‘সম্মান’ পেয়েছে তা হলো-কোনো বোনাস নেই, বিপুল আয়ের রাজস্ব থেকে একটি পয়সাও দেয়া হয়নি, জার্সি বদল করার অনুমতি মেলেনি, একটি ছবিও তুলতে দেয়া হয়নি এবং আর্জেন্টিনার ড্রেসিংরুমেও প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল! সবকিছুই করা হয়েছে অতিথিদের ব্যবহার করে নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য।”

জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডট কমের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ-পরবর্তী এই শীতল ও বঞ্চনাপূর্ণ আচরণের ফলে বেনিন শিবির তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। এর আগে বুয়েনস আয়ার্সে পৌঁছানোর পর থেকেই তাদের নিম্নমানের যাতায়াত এবং হোটেল ব্যবস্থাপনার মধ্য দিয়ে যেতে হয়। একটি পরিপূর্ণ স্টেডিয়ামের এই হাই-প্রোফাইল ম্যাচ থেকে কোনো ধরনের আর্থিক লভ্যাংশ বা প্রাইজমানি না পাওয়ায় বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তারা গভীর হতাশা নিয়ে মাঠ ছাড়েন।

কোচ গার্নর রুরের অধীনে বেনিনের জাতীয় দল খেলতে নামে একটি ঐতিহাসিক ও আবেগঘন ম্যাচে অংশ নেয়ার উদ্দেশ্যে। মাঠের লড়াইয়ে স্বাগতিক আর্জেন্টিনার ফুটবলারদের দাপটের সামনে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত শক্তিশালী আর্জেন্টিনার কাছে ৩-০ গোলের হার দিয়েই মাঠ ছাড়ে তারা। নিজের বিদায়ী ম্যাচে পেনাল্টি থেকে এক গোলের পাশাপাশি বাকি দুই গোলেও অ্যাসিস্ট করেন মেসি।