ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বুধবার যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করেন দেশটির লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস এমপি প্রিয়াঙ্কা গান্ধী। তবে দিল্লি পুলিশ দুইজনকেই আটকে দিয়েছে ।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দুপুরে একটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার পর যন্তর মন্তরে গিয়ে বিক্ষোভে যোগ দেয়ার সিদ্ধান্ত নেন দেশটির বিরোধী দলগুলোর ইন্ডিয়া জোটের এমপিরা। তাদের সঙ্গে যোগ দিতে যাওয়ার সময় রাহুল ও প্রিয়াঙ্কাকে বাধা দেয় দিল্লি পুলিশ।
বিবিসির সংবাদদাতা দিলনওয়াজ পাশা ঘটনাস্থল থেকে জানিয়েছেন, বিরোধী এমপিদের যন্তর মন্তরে যাওয়ার পথে পুলিশ তাদের আটকে দেয়।
এর আগে মঙ্গলবারও একই দাবিতে নির্বাচন কমিশনের দিকে মিছিল নিয়ে যাচ্ছিলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। পথে পুলিশ তাদের আটকে দিলে তারা প্রায় নয় ঘণ্টা আকাশবাণী ভবন চত্বরে অবস্থান করেন।
পুলিশ তাদের অবস্থান কর্মসূচি শেষ করে সেখান থেকে চলে যেতে বললেও রাহুল ও প্রিয়াঙ্কা অবস্থানে অনড় থাকেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাদানুবাদ হয়। একপর্যায়ে রাহুল গান্ধীকে আটক করে দিল্লি পুলিশ। পরে অবশ্য তাকে ছেড়ে দেয়া হয়।
