‘বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ছিল গত সোমবার। এই অভিষেক অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে বাংলাদেশের সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা, গুণী অভিনেত্রী নূতন’কে। তার হাতে আজীবন সম্মাননা তুলে দেন বাংলাদেশের সিনেমার জীবন্ত কিংবদন্তি নায়িকা সুজাতা ও দেশের সিনেমার দুই দশকেরও বেশি সময় ধরে একইরকম জনপ্রিয়তায় থাকা নায়িকা পূর্ণিমা। বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির ২০২৬-২৮ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে আজীবন সম্মাননা গ্রহণ করে ভীষণ উচ্ছ্বসিত, আনন্দিত নূতন।
নতুন কমিটির উপদেষ্টা হলেন- আজিজ রেজা, এস এম মাসুম ও ইমদাদুল হক খোকন। কমিটির নতুন সভাপতি হলেন মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফ খান (কালু)। আজীবন সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত নূতন বলেন, আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির প্রতি; আমাকে এভাবে সম্মানিত করার জন্য।
এই সম্মাননায় আমি ভীষণ পুলকিত। শ্রদ্ধেয় সুজাতা আপার কাছ থেকে আজীবন সম্মাননা গ্রহণ করাটা ছিল আমার কাছে ভীষণ সম্মানের। তাকে মঞ্চেই পা ছুঁয়ে সালাম করে তার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শনের চেষ্টা করেছি। তবে পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থিত থেকে আলো ছড়িয়েছেন পূর্ণিমা। তার উপস্থিতিটাই যেন বিশেষভাবে চোখে পড়ছিল সবার।
