দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও দেশের সিনেমার প্রতি আগ্রহ ধরে রেখেছেন চিত্রনায়ক কাজী মারুফ। ‘গ্রীন কার্ড’র পর এবার নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। সিনেমাটির নাম ‘শিরোনাম’। বুধবার পোস্টার প্রকাশ করে নতুন কাজের খবর জানান কাজী মারুফ। পোস্টারে রক্তের মাঝে পড়ে থাকতে দেখা যায় তিনটি সংবাদপত্র। সেগুলোর শিরোনামে রাজনীতি, সীমান্তে উত্তেজনা এবং দেশ জুড়ে বিক্ষোভের বিষয় উঠে এসেছে। পোস্টার থেকেই ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ঘিরেই নির্মিত হবে সিনেমাটি। যুক্তরাষ্ট্র থেকে কাজী মারুফ জানান, দেশের সাম্প্রতিক সময়ের বাস্তবতাকে গল্পের ভিত্তি হিসেবে বেছে নিয়েছেন তিনি।
সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে কি না- জানতে চাইলে অভিনেতা বলেন, অনেকটাই সত্য ঘটনা থেকে নেয়া হলেও পুরোপুরি সত্য ঘটনা নিয়ে এটি নির্মিত হচ্ছে না। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা সিনেমাটিতে উঠে আসবে। এবার বাংলাদেশেই হবে ‘শিরোনাম’র শুটিং। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন কাজী মারুফ নিজেই। তার বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
কাজী মারুফ জানান, সিনেমার কাজ শুরু করতে চলতি মাসেই দেশে ফিরবেন তিনি। আগামী ১৫ই অক্টোবর দেশে ফেরার পর নায়িকাসহ অন্যান্য কলাকুশলী চূড়ান্ত করা হবে। এরপরই শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। এর আগে তার ‘গ্রীন কার্ড’ সিনেমায় প্রবাসী বাংলাদেশিদের জীবন, সংগ্রাম, স্বপ্ন ও বাস্তবতার গল্প উঠে এসেছিল। নতুন সিনেমা নিয়ে কাজী মারুফ গল্পের বিস্তারিত প্রকাশ না করলেও দর্শকদের আগ্রহ ধরে রাখতে চান। তার মতে, সিনেমায় কল্পনা ও বাস্তবতার মেলবন্ধন থাকবে এবং গল্পটি দর্শকদের ভাবাবে।
