সম্পিতার অভিযোগ

সম্পিতার অভিযোগ

ফন্ট সাইজ:

কলকাতার হাজরা মোড়ে ক্যাব থেকে নামতে গিয়ে বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেছেন অভিনেত্রী সম্পিতা প্রামাণিক। মঙ্গলবার রাতে লাইভে এসে তিনি জানান, র‌্যাপিডোর এক চালকের সঙ্গে গন্তব্য ও ভাড়া নিয়ে বচসার জেরে চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে তিনি কিছুটা পথ টেনে নিয়ে যান। এতে বড় ধরনের দুর্ঘটনা, এমনকি প্রাণহানিও ঘটতে পারতো বলে আশঙ্কা প্রকাশ করেন অভিনেত্রী। সম্পিতার দাবি, হাজরা মোড়ের বসুশ্রী সিনেমা হলের সামনে থেকে তিনি র‌্যাপিডো ক্যাবটি বুক করেন।

প্রথমে গন্তব্য ছিল পার্ক স্ট্রিট। পরে অনলাইনে গন্তব্য পরিবর্তন করে দমদম করা হয়। তবে গাড়িতে ওঠার পর চালকের আচরণে অস্বস্তি বোধ করায় রবীন্দ্র সরোবরের কাছে নামিয়ে দেয়ার অনুরোধ করেন তিনি। অভিনেত্রীর অভিযোগ, কয়েকবার অনুরোধের পর রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে গাড়ি থামানো হয়। এরপর ভাড়া নিয়ে চালকের সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। সম্পিতা জানান, তিনি দমদম পর্যন্ত না যাওয়ায় যতটা পথ এসেছেন, ততটুকুর ভাড়া দিতে চেয়েছিলেন। কিন্তু চালক অ্যাপে দেখানো পুরো ভাড়া দাবি করেন।

সম্পিতার ভাষ্য, তিনি ভারী ব্যাগ নিয়ে গাড়ি থেকে নামার সময় চালক হঠাৎ গাড়ি চালিয়ে দেন। এতে ভারসাম্য হারিয়ে তিনি গাড়ির সঙ্গে কিছুটা পথ টেনে নিয়ে যান। তার দাবি, সামান্য এদিক-ওদিক হলেই গুরুতর দুর্ঘটনা ঘটতে পারতো। বিষয়টি নিয়ে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করবেন বলেও লাইভে জানান অভিনেত্রী। ঘটনার পর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সম্পিতার দাবি, ওই সময় রাস্তায় পড়ে গেলে গুরুতর আঘাত পেতে পারতেন। ভারী ব্যাগ হাতে থাকায় পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। ঘটনার তদন্ত এবং চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তিনি।