জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে কোনো ‘নতুন আওয়ামী লীগ’ বা দিল্লির নব্য তোষণকারী দেখার জন্য শেখ হাসিনার পতন ঘটায়নি। ক্ষমতার মসনদে বসে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে, নতুন করে কেউ আওয়ামী লীগ হতে চাইলে তাদের পরিণতি হাসিনার মতোই হবে।”
বুধবার (৭ অক্টোবর) পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে সকাল ১১ টায় যুব জাগপা আয়োজিত শহীদ আবরার ফাহাদ দিবস উপলক্ষে “রুখে দাঁড়াও ভারতীয় আধিপত্যবাদ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাগপা মুখপাত্র বলেন, “২০১৯ সালের এই দিনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ও দেশের ন্যায্য হিস্যার পক্ষে কথা বলার অপরাধেই ফ্যাসিস্ট শেখ হাসিনার পেটোয়া সন্ত্রাসী বাহিনী ‘আওয়ামী ছাত্রলীগ’ আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। তারা ভেবেছিল একটি কণ্ঠ রোধ করলেই দেশের মানুষকে চুপ করানো যাবে। কিন্তু আবরারের এক ফোঁটা রক্ত থেকেই হাজারো আবরারের জন্ম হয়েছে, যাদের আঘাতেই আজ ফ্যাসিবাদের পতন নিশ্চিত হয়েছে।”
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের সমালোচনা করে রাশেদ প্রধান বলেন, “হাসিনা ও তার খুনি বাহিনী পালালেও তাদের রেখে যাওয়া আধিপত্যবাদের দোসররা এখনো ঘাপটি মেরে আছে। যারা নতুন করে ক্ষমতার স্বাদ পেয়ে পুরোনো বন্দোবস্ত বহাল রাখতে চায়, যারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে ভয় পায় এবং রাতের আঁধারে দিল্লির সবুজ সংকেত পেতে ধর্না দেয় দেশের মুক্তিকামী জনতা তাদের চিনে ফেলেছে। বাংলার মাটিতে আধিপত্যবাদের গোলামি যারা করবে, জনতার আদালতে তাদের বিচার ফ্যাসিবাদের দোসরদের মতোই হবে।”
যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী সিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগর সভাপতি এস এম জিয়াউল আনোয়ার ও সহ-সভাপতি নাজমুল হাসান, যুব জাগপা ঢাকা মহানগর সভাপতি এস এম ওলিউল আনোয়ার ও সাধারণ সম্পাদক ওসমান গণি, যুব জাগপা যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের, সামিরুল ইসলাম রাকিব, যুব ও ক্রীড়া সম্পাদক জনি নন্দী, মোঃ আল-মামুন প্রমুখ।
নতুন করে কেউ আওয়ামী লীগ হতে চাইলে পরিণতি হাসিনার মতোই হবে: রাশেদ প্রধান
স্টাফ রিপোর্টার
রাজনীতি
১ ঘন্টা আগে
৭ অক্টোবর (বুধবার), ২০২৬, ৬ঃ৩৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
