মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

ফন্ট সাইজ:

নোংরা ও স্যাঁতসেঁতে রান্নাঘর, ঢাকনাহীন ময়লার পাত্র এবং লেবেলবিহীন ঘি সংরক্ষণের অভিযোগে রাজধানীর মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) পক্ষ থেকে বলা হয়েছে, মতিঝিলে অবস্থিত হিরাঝিল হোটেলে অভিযান চালানোর সময় রান্নাঘরের পরিবেশ অত্যন্ত নোংরা ও অপরিষ্কার পাওয়া যায়। রান্নাঘরের মেঝেতে ঢাকনাহীন অবস্থায় ময়লার পাত্রও রাখা ছিল। এ ছাড়া হোটেলে কোনো ধরনের লেবেল ছাড়াই ঘি সংরক্ষণ ও ব্যবহার করতে দেখা যায়। খাদ্যকর্মীদেরও প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ ব্যবহার করতে দেখা যায়নি।

অভিযানকালে হোটেল কর্তৃপক্ষ পানি পরীক্ষার সনদ এবং পেস্ট কন্ট্রোলের প্রমাণকও দেখাতে পারেনি। এসব অনিয়মের বিষয়ে দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী হোটেলটিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিল।