প্রেম-বিরহ কিংবা ত্রিকোণ প্রেমের গল্প পর্দায় কম দেখা যায় না। তবে বিয়ের পর একটি দম্পতির সম্পর্ক কোন টানাপড়েনের মধ্যদিয়ে এগোয়, সেই দাম্পত্য জীবনের গল্প নিয়ে নির্মিত কাজ তুলনামূলকভাবে কম। এমন ভাবনা থেকেই নির্মাতা জাহিদ প্রীতম নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’।
সোমবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে চরকির এই অরিজিনাল ফিল্মের প্রিমিয়ার। এতে উপস্থিত ছিলেন সিনেমাটির দুই প্রধান অভিনয়শিল্পী আরিফিন শুভ ও কেয়া পায়েলসহ নির্মাতা ও কলাকুশলীরা। অনুষ্ঠানে কেয়া পায়েল এই ওয়েব ফিল্মসহ নানা বিষয়ে কথা বলেন। এ অভিনেত্রী বলেন, এটি আমার প্রথম ওয়েব ফিল্ম। তাই স্বাভাবিকভাবে আমি খুব এক্সাইটেড।
পরিচালক জাহিদ প্রীতমের সঙ্গে আগেও নাটকে কাজ হয়েছে। এখানে আমি আরিফিন শুভ’র মতো সহঅভিনেতা পেয়েছি, চরকির মতো প্ল্যাটফরম পেয়েছি। সবমিলিয়ে ওয়েব ফিল্মটি নিয়ে আমি আশাবাদী। নিজের বিয়ে প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, বিয়ে অনেক বড় সিদ্ধান্ত। তবে আমি বিয়ের ক্ষেত্রে ভাগ্যে বিশ্বাসী। যখন যা হওয়ার হয়ে যাবে। প্ল্যান করে আসলে কিছু হয় না। আমি মনে করি সবাই বিয়ে নিয়ে অনেক চিন্তা-ভাবনা করে। সময় নেয়। তারপরও ভাগ্যের একটা বিষয় থাকে। এদিকে কেয়া পায়েল এই ওয়েব ফিল্ম ছাড়াও তুমুল ব্যস্ত সময় পার করছেন নাটকের কাজ নিয়ে। বিশেষ করে ঈদের নাটক নিয়ে চলছে ব্যস্ততা। এর বাইরে তার একটি পার্লারও রয়েছে। সেই ব্যবসা নিয়েও চলছে পায়েলের ব্যস্ততা।
