যার কাছে আজীবন ঋণী মিশা সওদাগর

যার কাছে আজীবন ঋণী মিশা সওদাগর

ফন্ট সাইজ:

ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মিশা সওদাগর। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি। বিশেষ করে খলনায়ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে আলাদা পরিচিতি পান এই অভিনেতা। তবে খলচরিত্রের পাশাপাশি সময়ের সঙ্গে নানামাত্রিক চরিত্রেও অভিনয় করেছেন তিনি। বর্তমানে নতুন সিনেমার কাজ ও শুটিং নিয়ে ব্যস্ত মিশা। দীর্ঘ অভিনয় জীবনে যারা তার ক্যারিয়ারে অবদান রেখেছেন, তাদের প্রতি বরাবরই কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এবার তেমনই এক মানুষের প্রতি আবেগঘন শ্রদ্ধা জানালেন এই অভিনেতা। বরেণ্য চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদের জন্মদিন উপলক্ষে তাকে ‘বাবা’ সম্বোধন করে একটি স্ট্যাটাস দিয়েছেন মিশা। সেখানে নিজের ক্যারিয়ার গড়ে ওঠার পেছনে ছটকু আহমেদের
গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন তিনি। মিশা সওদাগর লিখেছেন, ‘কোনোদিনই আপনার ঋণ শোধ করতে পারবো না বাবা। আমি সারা জীবন আপনার কাছে ঋণী।’ তিনি বলেন, ‘এ মিশা সওদাগর হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান আপনার। আপনার কাছে কৃতজ্ঞ।’ ছটকু আহমেদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মিশা আরও লিখেছেন, ‘সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন। শুভ জন্মদিন বাবা।’

তার এই বক্তব্যে স্পষ্ট, ছটকু আহমেদের সঙ্গে মিশার সম্পর্ক কেবল পরিচালক-অভিনেতার নয়। মিশার অভিনয় জীবনের গুরুত্বপূর্ণ সময়ে ছটকু আহমেদের অবদান ছিল। তাই জন্মদিনে প্রিয় এই মানুষটির প্রতি নিজের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। দীর্ঘ পথচলায় তার প্রতি এই কৃতজ্ঞতা মিশার কাছে বিশেষ অনুভূতি হয়ে আছে বলেও মনে করেন তিনি।